দেশ

মেট্রো টানেল তৈরির সময় বিহারে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৩, গুরুতর আহত ৮

Tragic accident in Bihar during construction of metro tunnel, 3 dead, 8 seriously injured

Truth Of Bengal: মেট্রো টানেল তৈরির সময় মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল বিহার। পাটনায় টানেল তৈরির লোকো পিকআপ মেশিন পিষে দিল শ্রমিকদের। এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ শ্রমিক। শুধু তাই নয় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও ৮ শ্রমিক। এই দুর্ঘটনার পর তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পাটনায় অনেকদিন ধরেই মেট্রো নির্মাণের কাজ চলছিল।

সোমবার রাতে পিরবাহর থানা এলাকায় পাটনা বিশ্ববিদ্যালয়ের কাছেও সেই কাজই হচ্ছিল। টানেল তৈরির সময় হঠাৎ কোন সমস্যার কারণে লোকো পিকআপ মেশিনের ব্রেক ফেল হয়ে যায়। যার ফলস্বরূপ ঘটে এই মর্মান্তিক ঘটনা। বলা যায়, সে সময় ওই নিয়ন্ত্রণহীন মেশিন একরকম পিষে দিয়েছে কর্মরত শ্রমিকদের। ওদিন রাতে এই দুর্ঘটনার জেরে আহত হন অন্তত ১০ জন শ্রমিক। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন ৩ জন। এরপর চিকিৎসার জন্য তাঁদেরকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রাণ হারান ৩ শ্রমিক। জানা গিয়েছে, মৃত ওই তিন শ্রমিক ওড়িশার বাসিন্দা।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর কর্মীদের আঙুল উঠেছে প্রশাসনের গাফিলতির দিকে। তাঁরা অভিযোগ করেছেন, তাঁরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কাজ করছিল। নির্মাণের কাজের জন্য যে সব মেশিন ব্যবহার করা হচ্ছে সেগুলি ঠিক থাক ভাবে পরীক্ষা করা হচ্ছে না। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাটনা পুলিশ জানিয়েছে, ‘কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি আহতদের পাটনার পিএমসিএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

অপরদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লোকো মেশিন অপারেটর, টিভিএম অপারেটর একজন হেল্পার। কিন্তু কীভাবে এ দুর্ঘটনা ঘটল, ইতিমধ্যেই তার আভ্যন্তরীণ তদন্ত চলছে যদি এখানে কারোর গাফিলতি থাকে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles