দেশ

তামিলনাড়ুর মসনদে ‘থালাপতি’র দাপট! ২৫ এডিএমকে বিধায়কের সমর্থনে আস্থা ভোটে কেল্লাফতে বিজয়ের

আস্থা ভোটে বড় জয়! বিরোধী ডিএমকে-র ওয়াকআউটের মাঝেই তামিল মসনদ পোক্ত করলেন বিজয়

Truth of Bengal: দক্ষিণী রাজনীতির টানটান নাটকীয়তায় যবনিকা পতন। তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী তথা অভিনেতা বিজয়ের পাল্লা ভারী হল বিধানসভায়। বুধবার বিধানসভার আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে নিজের সরকারকে সুরক্ষিত করলেন তিনি। ১৪৪ জন বিধায়কের সমর্থন পেয়ে বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (TVK) এখন তামিল রাজনীতির চালিকাশক্তিতে পরিণত হল।

ম্যাজিক ফিগার ও এডিএমকে-র সমর্থন

২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় ম্যাজিক ফিগার ১১৮। নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে ১০৮টি আসন পেলেও সরকার গড়তে বেগ পেতে হচ্ছিল বিজয়কে। তবে বুধবার সমীকরণ বদলে দিল জয়ললিতার দল এডিএমকে-র ২৫ জন ‘বিদ্রোহী’ বিধায়ক। তাঁরা সরাসরি বিজয়কে সমর্থন জানানোয় অনায়াসেই ১৪৪-এর ঘরে পৌঁছে যায় শাসক দল।

বিরোধীদের বয়কট ও রণকৌশল

এদিন বিধানসভায় ভোটাভুটি শুরু হতেই তীব্র গোলমাল শুরু করে প্রধান বিরোধী দল ডিএমকে এবং ডিএমডিকে। বিজয়ের এই জয়কে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে সভাকক্ষ থেকে ওয়াকআউট করেন ডিএমকে বিধায়করা। অন্যদিকে, পিএমকে-র চার বিধায়ক এবং বিজেপির একমাত্র বিধায়ক ভোটদান থেকে বিরত থাকেন। তবে কংগ্রেসের ৫ জন এবং বামেদের ৪ বিধায়কের সমর্থন আগে থেকেই বিজয়ের পাশে ছিল।

সরকার পতনের আশঙ্কা কি দূর হল?

এর আগে ভিসিকে (VCK) এবং মুসলিম লিগের সমর্থনে ১২০ জন বিধায়ক নিয়ে কোনোমতে সরকার গড়েছিলেন বিজয়। সেই সময় মনে করা হচ্ছিল, যেকোনো মুহূর্তে সরকারের পতন হতে পারে। কিন্তু এডিএমকে-র একটি বড় অংশের সমর্থন পাওয়ায় বিজয়ের মুখ্যমন্ত্রী পদ এখন অনেকটাই নিষ্কণ্টক।

রাজনীতির কারবারিদের মতে, রুপোলি পর্দার ‘থালাপথি’ এখন বাস্তবের মাটিতেও তামিল জনগণের কাছে আম্মার যোগ্য বিকল্প হিসেবে উঠে আসছেন। ডিএমকে-র মতো শক্তিশালী প্রতিপক্ষকে রুখে দিয়ে এই আস্থা জয় বিজয়ের রাজনৈতিক কেরিয়ারে একটি মাইলফলক হয়ে থাকবে।

Related Articles