Subhanshu Shukla Returns: ১৮ দিন অপেক্ষার অবসান, পৃথিবীতে ফিরলেন ভারতীয় নভশ্চর শুভাংশু সহ মহাকাশচারীরা
After 18 days in space, Indian astronaut Subhanshu Shukla and 3 others return safely aboard SpaceX Dragon.
Truth Of Bengal: অপেক্ষার অবসান। অবশেষে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চর (Subhanshu Shukla Returns)। ১৮ দিন মহাকাশ স্টেশনে সময় অতিবাহিত করার পর এসেছে এই মহেন্দ্রক্ষণ। ভরতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ৩টে ১ মিনিট নাগাদ প্রশান্ত মহাসাগরে নেমে এল স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’।
#WATCH | In a historic moment, Group Captain Shubhanshu Shukla and the Axiom-4 crew aboard Dragon spacecraft splashes down in the Pacific Ocean after an 18-day stay aboard the International Space Station (ISS)
(Video Source: Axiom Space/YouTube) pic.twitter.com/qLAq2tyW5S
— ANI (@ANI) July 15, 2025
১৮ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর সোমবার বিকেল ৪.৪৫ মিনিটে (ভারতীয় সময়) আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয় মহাকাশ যান। তারপর রওনা দেয় পৃথিবীর দিকে। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর ৩টেয় ক্যালিফোর্নিয়ার উপকূলে আসার কথা ছিল। সেই অনুযায়ীই এদিন পৌঁচল স্পেস এক্স-এর ‘ড্রাগন’।
স্পেস-এক্স জানিয়েছে, ড্রাগন ক্যাপসুল প্রথমে পৃথিবীকে কেন্দ্র করে পাক দিতে দিতে কক্ষপথ ছোট করে। তারপর পৃথিবীর বায়ুমণ্ডলের দিকে। শুভাংশু শুক্লার সঙ্গে ছিলেন অ্যাক্সিয়ম-৪ মিশনের আরও তিন সদস্য। এবার শুভাংশু শুক্লার শারীরিক রিহ্যাব প্রোগ্রাম শুরু হবে। প্রায় এক সপ্তাহ ধরে চলবে। ওজনহীন পরিবেশ থেকে পৃথিবীর মাধ্যাকর্ষণে শরীরকে ফের মানিয়ে নেওয়ার জন্য বিশেষ চিকিৎসক টিমের নজরদারিতে থাকবেন।
পৃথিবীতে রওনা দেওয়ার আগে রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অ্যাক্সিওম-৪ মিশনের মহাকাশচারীদের জন্য বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেখানে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা বলেন, ‘আমরা শীঘ্রই পৃথিবীতে দেখা করব। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে অভিজ্ঞতায় পরিপূর্ণ হয়ে যাচ্ছি। যা শিখেছি, সেই অভিজ্ঞতা দেশবাসীর সঙ্গে ভাগ করে নেব। আমরা সবাই আজও ভাবি, ওপর থেকে ভারতকে কেমন দেখতে৷ সকলেই তা জানতে কৌতূহলি। আজকের ভারত উচ্চাকাঙ্খীর মতো দেখতে। আজ আমিও বলছি… আজকের ভারত উচ্চাকাঙ্ক্ষী, ভয়ডরহীন, আত্মবিশ্বাসী আর আত্মমর্যাদায় পরিপূর্ণ। তাই আবারও বলছি, আজও ভারত ‘সারে জাঁহা সে আচ্ছা’।’
এই মুহূর্তকে জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে বর্ণনা করে শুভাংশু বলেন, ‘আমার এই যাত্রা শেষের পথে। কিন্তু আমাদের মহাকাশ গবেষণার যাত্রা চলতে থাকবে। এই পথ দীর্ঘ ও কঠিন। তবে আমি নিশ্চিত, ইচ্ছাশক্তি থাকলে যে কোনও অসাধ্য সাধন সম্ভব।’
গত আড়াই সপ্তাহ মহাকাশে থেকে গবেষণা করেছেন শুভাংশু শুক্লা। মহাকাশে তাঁর সঙ্গীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এখানে আসার পরে শুধু বিজ্ঞানচর্চা নয়, বিশ্বজুড়ে মানুষের সঙ্গে এক যোগসূত্র স্থাপন করেছি। সময় পেলে পৃথিবীর দিকে তাকিয়েছি। এককথায় অন্যরকম অনুভূতি। এই মিশনের প্রভাব শুধুই বিজ্ঞানে সীমাবদ্ধ নয়। যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ একসঙ্গে একটা লক্ষ্য নিয়ে কাজ করে, তখন যা সম্ভব হয়, সেটা নিজের চোখে দেখেছি।’ শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া প্রথম ভারতীয়। তাঁর এই মহাকাশ অভিযানের মেয়াদ ছিল ১৪ দিনের। কিন্তু আবহাওয়া ও অন্যান্য কারণে আরও কয়েক দিন থাকতে হয়। এই অ্যাক্সিয়ম-৪ মিশনে ৩১টি দেশের ৬০টি বৈজ্ঞানিক গবেষণার কাজ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পোল্যান্ড, হাঙ্গেরি, সৌদি আরব, ব্রাজিল, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহি-সহ ইউরোপের একাধিক দেশের গবেষণা ছিল এই তালিকায়। শুভাংশ ভারতীয় গবেষণা সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির প্রস্তাবিত বেশ কিছু মাইক্রোগ্র্যাভিটি এক্সপেরিমেন্ট করেছেন। কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। রেডিয়ো মারফত স্কুল-কলেজের পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন।
[আরও পড়ুন: Political Rift: “রাজ্য নেতৃত্ব ডাকেনি” প্রধানমন্ত্রীর দুর্গাপুর সভা নিয়ে বিস্ফোরক দিলীপ]
গত ২৫ জুন আমেরিকায় নাসার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে রওনা দেয় ড্রাগন। ৪১ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যান ভারতের শুভাংশু শুক্লা। দিন নির্ধারিত হয়েও একাধিকবার পিছিয়ে যায় এই মহাকাশ যাত্রা। অবশেষে মহাকাশের উদ্দেশে লঞ্চ করা হয় অ্যাক্সিওম ৪ মিশন। ভারতীয় সময় অনুযায়ী বুধবার বেলা ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্ল্যালকন ৯ রকেটের সফল উৎক্ষেপণের মাধ্যমে শুরু হয় শুভাংশুদের অভিযান। এই কয়েকদিন সফল ভাবে মহাকাশ অভিযান শেষ করে এবার ঘরে ফেরার পালা। সব ঠিক থাকলে মঙ্গলবার (১৫ জুলাই) ভারতীয় সময় দুপুর ৩টেয় ক্যালিফোর্নিয়ার উপকূলে ‘স্প্ল্যাশডাউন’-এর মাধ্যমে শেষ হবে মহাকাশের সফর। ভারতের জন্য ইতিহাস রচিত হবে মহাকাশচারী শুভাংশু শুক্লার হাত ধরে।






