দেশ

Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে ওএনজিসি তেলকূপে ভয়াবহ বিস্ফোরণ! গ্রাম ছাড়ছেন হাজার হাজার মানুষ

স্থানীয় প্রশাসন ও ওএনজিসি কর্তৃপক্ষকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হচ্ছে।

Truth of Bengal: অন্ধ্রপ্রদেশের কোনাসীমা জেলার ইরুসুমান্দা গ্রামে একটি ওএনজিসি (ONGC) তেলকূপ থেকে ভয়াবহ গ্যাস নিঃসরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রাজোল এলাকার এই তেলকূপটিতে মেরামতির কাজ চলার সময় আচমকাই এই বিপত্তি ঘটে। গ্যাস লিকেজের জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ও ওএনজিসি কর্তৃপক্ষকে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই তেলকূপটিতে উৎপাদন সাময়িকভাবে বন্ধ ছিল। একটি ওয়ার্কওভার রিগ ব্যবহার করে যখন কূপটির মেরামতির কাজ চলছিল, ঠিক সেই সময় প্রবল চাপের কারণে একটি ব্লো-আউট বা আকস্মিক বিস্ফোরণ ঘটে। এর ফলে অপরিশোধিত তেল মিশ্রিত বিপুল পরিমাণ গ্যাস সজোরে আকাশে ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, লিক হওয়া গ্যাস থেকে দ্রুত আগুন লেগে যায় এবং দুর্ঘটনাস্থল থেকে লেলিহান শিখা উঠতে দেখা যায়। ধোঁয়া ও গ্যাসের চাদরে পুরো এলাকা ঘন কুয়াশার মতো ঢেকে যায়।

পরিস্থিতি মোকাবিলায় এবং বড় কোনো দুর্ঘটনা এড়াতে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। লাউডস্পিকারের মাধ্যমে ঘোষণা করে পার্শ্ববর্তী তিনটি গ্রামের বাসিন্দাদের সতর্ক করা হয়। নিরাপত্তার খাতিরে গ্রামবাসীদের আপাতত বিদ্যুৎ ব্যবহার করতে, বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে কিংবা বাড়ির উনুন জ্বালাতে নিষেধ করা হয়েছে। বড় ধরনের অগ্নিকাণ্ড এড়াতে পঞ্চায়েত ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ পাওয়ার পর আতঙ্কিত গ্রামবাসীরা ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়েই ওএনজিসির বিশেষজ্ঞ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্যাস নিঃসরণ বন্ধ করার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। নিরাপত্তার খাতিরে দুর্ঘটনাস্থলটি দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বাইরের কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে জেলার উচ্চপদস্থ আধিকারিক এবং ওএনজিসি-র কর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছেন। জনসুরক্ষা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Related Articles