সম্পাদকীয়

শিশুর হাতে স্মার্টফোন! সুরক্ষার দায়িত্ব কার?

তৈরি হয়েছে এক অদৃশ্য বিপদসঙ্কুল জগৎ

সত্যগোপাল দে (লেখক— সাংবাদিক, উন্নয়ন বিশেষজ্ঞ এবং সাইকোলজিকাল কাউন্সেলর): প্রযুক্তির হাত ধরে নতুন সম্ভাবনার দরজা খুলছে। কিন্তু সেই ভার্চুয়াল জগতেই ক্রমশ বাড়ছে শিশুদের প্রতি নির্যাতন, প্রতারণা, হয়রানি ও যৌন শোষণের ঝুঁকি। তাই ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি প্রয়োজন শিশু সুরক্ষার এক নতুন সামাজিক আন্দোলন। একুশ শতকের শিশুর শৈশব আর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। তার খেলার মাঠ এখন মোবাইলের পর্দায়, বন্ধুত্বের পরিসর সামাজিক যোগাযোগমাধ্যমে, আর ইন্টারনেটের অসীম বিস্তারে শিশুরা এমন কিছু জানতে পারছে যা তাদের জানার কথা নয়। অনলাইন ক্লাস, ডিজিটাল লাইব্রেরি, শিক্ষামূলক অ্যাপ, ভিডিও গেম কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম— প্রযুক্তি শিশুদের সামনে খুলে দিয়েছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। কিন্তু এই সম্ভাবনার পাশাপাশি তৈরি হয়েছে এক অদৃশ্য বিপদসঙ্কুল জগৎ। সেখানে অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব, সাইবার বুলিং, অনলাইন প্রতারণা, যৌন হয়রানি, ব্ল্যাকমেলিং এবং শিশুদের যৌন শোষণের মতো অপরাধ ক্রমশ উদ্বেগের কারণ হয়ে উঠছে।

প্রশ্নটি তাই ইন্টারনেট শিশুদের জন্য ভাল না খারাপ, তা নয়। আসল প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের শিশুরা কতটা নিরাপদ? এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, বিদ্যালয়, সমাজ ও রাষ্ট্র কতটা দায়িত্বশীল?

শৈশবের নতুন বিপদ– অদৃশ্য অপরাধী

শিশুদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে উদ্বেগজনক বিষয়গুলির একটি হল অনলাইন গ্রুমিং। অপরাধীরা অনেক সময় নিজেদের বন্ধু হিসেবে পরিচয় দিয়ে শিশুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। প্রথমে বন্ধুত্ব, তারপর ব্যক্তিগত কথাবার্তা, উপহার বা গেমের আকর্ষণ দেখিয়ে বিশ্বাস অর্জন। একসময় ব্যক্তিগত ছবি, ভিডিয়ো কিংবা গোপন তথ্য চেয়ে বসে। সেই তথ্যকে হাতিয়ার করেই শুরু হয় ব্ল্যাকমেলিং ও যৌন শোষণ।

অনেক শিশু বুঝতেই পারে না, কখন একটি সাধারণ বন্ধুত্ব বিপজ্জনক সম্পর্কে পরিণত হয়েছে। বিশেষত কৈশোরে পরিচিতির আকাঙ্ক্ষা, আবেগ, কৌতূহল এবং স্বীকৃতি পাওয়ার ইচ্ছাকে অপরাধীরা কাজে লাগায়।

এর পাশাপাশি রয়েছে সাইবার বুলিং। সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য, বিদ্রূপ, কুরুচিকর মিম, ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়া কিংবা ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কাউকে হেয় করা— এসবই সাইবার বুলিংয়ের পরিচিত রূপ। এর অভিঘাত কিন্তু ভার্চুয়াল জগতে আটকে থাকে না। আক্রান্ত শিশুর আত্মবিশ্বাস, মানসিক স্বাস্থ্য, পড়াশোনা এবং সামাজিক সম্পর্কের উপর গভীর প্রভাব পড়ে। কখনও কখনও অবসাদ, একাকিত্ব এবং আত্মহানির প্রবণতাও তৈরি হতে পারে।

আরও একটি নতুন বিপদ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এ আই নির্ভর প্রযুক্তির অপব্যবহার। কারও আসল ছবি ব্যবহার করে ভুয়ো অশালীন ছবি বা ভিডিও তৈরি, কণ্ঠস্বর নকল করে প্রতারণা এবং ডিপফেকের মাধ্যমে সম্মানহানি— এসব এখন আর কল্পবিজ্ঞানের বিষয় নয়। বিশেষত কিশোরী ও মেয়ে শিশুরা এর শিকার হওয়ার আশঙ্কায় রয়েছে।

গেমিংয়ের আড়ালে বিপদের ফাঁদ

অনলাইন গেম শিশুদের বিনোদনের একটি জনপ্রিয় মাধ্যম। কিন্তু অনেক গেমের সঙ্গে যুক্ত থাকে অপরিচিত খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ। গেমের মধ্যেই বন্ধুত্ব তৈরি হয়, ব্যক্তিগত তথ্য আদানপ্রদান হয়, কখনও অর্থের লেনদেনও ঘটে। বিনামূল্যে গেমের আকর্ষণ দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ভুয়ো লিঙ্ক পাঠানো, ব্যক্তিগত তথ্য চুরি কিংবা অচেনা মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে শিশুদের বিপথে পরিচালিত করার ঘটনা অস্বাভাবিক নয়।

অনেক সময় অতিরিক্ত গেমিং শিশুকে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে। ঘুম, পড়াশোনা, খেলাধুলা ও পারিবারিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। তাই গেমিংকে নিষিদ্ধ করাই সমাধান নয়; বয়সোপযোগী গেম নির্বাচন, সময়সীমা নির্ধারণ এবং অভিভাবকের সচেতন নজরদারি জরুরি।

শিশুর সুরক্ষায় পরিবারের ভূমিকা

শিশুদের সাইবার নিরাপত্তার প্রথম প্রতিষ্ঠান পরিবার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক অভিভাবক সন্তানের হাতে স্মার্টফোন তুলে দিলেও নিরাপদ ব্যবহারের শিক্ষা দেন না। প্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়া আর ডিজিটাল বিপদ সম্পর্কে সচেতন হওয়া এক বিষয় নয়।

অভিভাবকদের উচিত সন্তানকে বোঝানো যে, নিজের ঠিকানা, স্কুলের নাম, ফোন নম্বর, পাসওয়ার্ড, ব্যক্তিগত ছবি কিংবা পরিবারের আর্থিক তথ্য অনলাইনে প্রকাশ করা উচিত নয়। অপরিচিত ব্যক্তির পাঠানো লিঙ্কে ক্লিক করা, অজানা অ্যাপ ডাউনলোড করা কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হলে তা দেওয়া থেকে বিরত থাকতে হবে।

বিশেষ করে একটি বিষয় শিশুকে স্পষ্টভাবে বোঝাতে হবে— কেউ অনলাইনে ব্যক্তিগত বা অশালীন ছবি চাইলে, ভয় দেখালে, গোপন সম্পর্ক রাখতে বললে কিংবা দেখা করার প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে বিশ্বস্ত বড়দের জানাতে হবে।

এখানে অভিভাবকদের আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান কোনও ভুল করলে তাকে বকাঝকা, অপমান বা শাস্তি দেওয়ার ভয় দেখালে সে বিপদের কথা গোপন করতে পারে। বরং এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে শিশু নির্ভয়ে বলতে পারে, ‘আমি অনলাইনে একটি সমস্যায় পড়েছি।’

বিদ্যালয় হোক ডিজিটাল সুরক্ষার পাঠশালা

শিশুর জীবনে বিদ্যালয়ের ভূমিকা শুধু পুঁথিগত শিক্ষায় সীমাবদ্ধ নয়। ডিজিটাল নাগরিকত্ব, অনলাইন শিষ্টাচার, ব্যক্তিগত গোপনীয়তা এবং সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা পাঠক্রমের গুরুত্বপূর্ণ অংশ হওয়া প্রয়োজন।

বিদ্যালয়ে নিয়মিত সাইবার নিরাপত্তা বিষয়ক কর্মশালা, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সচেতনতামূলক সভা এবং শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে শিশু সুরক্ষা কমিটি বা নির্দিষ্ট অভিযোগ জানানোর ব্যবস্থা থাকা প্রয়োজন। কোনও শিশু সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হলে যেন সহজে সাহায্য চাইতে পারে, তা নিশ্চিত করতে হবে।

জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন, ২০২৪ সালে বিদ্যালয়ের জন্য বুলিং ও সাইবার বুলিং প্রতিরোধের নির্দেশিকা প্রকাশ করেছে। এই নির্দেশিকার যথাযথ বাস্তবায়ন জরুরি। বিদ্যালয়ের সুরক্ষা নীতিতে ভার্চুয়াল পরিসরকেও সমান গুরুত্ব দিতে হবে।

আইন রয়েছে, প্রয়োজন তার কার্যকর প্রয়োগ

ভারতে শিশুদের অনলাইন যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে একাধিক আইন রয়েছে। ২০১২ সালের পক্সো আইন শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধের পাশাপাশি অনলাইন মাধ্যমে সংঘটিত যৌন হয়রানিকেও অপরাধ হিসেবে বিবেচনা করে। আইনের ১১ ও ১২ নম্বর ধারায় ইলেকট্রনিক বা অনলাইন মাধ্যমে যৌন উদ্দেশ্যপ্রণোদিত হয়রানির বিষয় অন্তর্ভুক্ত। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৭বি ধারায় শিশুদের যৌনভাবে স্পষ্ট উপস্থাপন করা বিষয়বস্তু ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ বা প্রেরণ শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়া ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন, ২০২৩-এ শিশুদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষার জন্য বিশেষ বিধান রাখা হয়েছে। অর্থাৎ শিশুর ডিজিটাল পরিচয় ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তাও এখন আইনি সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ।

কিন্তু শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়। প্রয়োজন দ্রুত অভিযোগ গ্রহণ, দক্ষ সাইবার তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুর পরিচয় ও মর্যাদা রক্ষা করে সহায়তা প্রদান।

বিপদে পড়লে কোথায় জানাবে?

শিশু বা তার অভিভাবক অনলাইন অপরাধের অভিযোগ জানাতে পারেন ভারতের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এ নারী ও শিশু সংক্রান্ত সাইবার অপরাধের জন্য সেখানে বিশেষ অভিযোগ জানানোর ব্যবস্থা রয়েছে। শিশুদের যৌন নির্যাতনসংক্রান্ত অনলাইন বিষয়বস্তু সম্পর্কে বেনামেও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। এ ছাড়া স্থানীয় পুলিশ বা সাইবার ক্রাইম শাখার সাহায্য নেওয়া যায়। শিশুদের জরুরি সহায়তার জন্য চাইল্ড হেল্প লাইন ১০৯৮-ও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

অভিযোগের ক্ষেত্রে প্রাসঙ্গিক স্ক্রিনশট, মেসেজ, প্রোফাইলের তথ্য ও লিঙ্ক সংরক্ষণ করা যেতে পারে। তবে কোনও শিশুর যৌন নির্যাতনের ছবি বা ভিডিও নিজেরা ডাউনলোড, সংরক্ষণ কিংবা অন্যের কাছে পাঠাবেন না। এতে শিশুর ক্ষতি আরও বাড়তে পারে।

 নিরাপত্তা মানে নজরদারি নয়, আস্থা তৈরি

শিশুদের নিরাপত্তার নামে তাদের প্রতিটি অনলাইন কার্যকলাপ গোপনে পর্যবেক্ষণ করা কিংবা স্মার্টফোন সম্পূর্ণ নিষিদ্ধ করা দীর্ঘমেয়াদি সমাধান নয়। বরং বয়স অনুযায়ী অভিভাবকীয় নিয়ন্ত্রণ, নিরাপদ অ্যাপ নির্বাচন, স্ক্রিন টাইমের সীমা এবং খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা জরুরি। শিশুদেরও শেখাতে হবে, অনলাইনে কেউ পরিচিত হলেই সে বিশ্বাসযোগ্য হয়ে যায় না। ভার্চুয়াল বন্ধুত্বের আড়ালে বাস্তব পরিচয় সবসময় যাচাই করা সম্ভব নয়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনও শিশু অনলাইনে নির্যাতন বা হয়রানির শিকার হলে তাকে দায়ী করা যাবে না। তার পোশাক, ছবি, অনলাইন উপস্থিতি কিংবা কারও সঙ্গে বন্ধুত্ব করার সিদ্ধান্তকে অপরাধের কারণ হিসেবে দেখার প্রবণতা বন্ধ করতে হবে। অপরাধের দায় অপরাধীর, শিশুর নয়।

শৈশবের অধিকার ডিজিটাল জগতেও অক্ষুণ্ণ থাকুক

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা কেবল প্রযুক্তিগত বা আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি শিশু অধিকার রক্ষারই অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুর সুরক্ষা, মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা, মতপ্রকাশ এবং বিকাশের অধিকার স্বীকৃত। ডিজিটাল জগতেও এই অধিকারগুলির সমান প্রাসঙ্গিকতা রয়েছে।

আমাদের মনে রাখতে হবে, শিশুকে প্রযুক্তি থেকে বিচ্ছিন্ন করে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যাবে না। আবার নিরাপত্তাহীন ডিজিটাল জগতের হাতে তাকে ছেড়েও দেওয়া যায় না। প্রয়োজন সচেতন পরিবার, দায়িত্বশীল বিদ্যালয়, সংবেদনশীল সমাজ, জবাবদিহিমূলক প্রযুক্তি সংস্থা এবং কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা।

শিশুর হাতে স্মার্টফোন তুলে দেওয়ার আগে তাকে স্মার্ট ও সচেতন ডিজিটাল নাগরিক করে তোলার দায়িত্ব আমাদেরই। কারণ শৈশবের নিরাপত্তা শুধু বাড়ির উঠোনে বা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকতে পারে না। আজ সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে ইন্টারনেটের অদৃশ্য জগতেও। মনে রাখতে হবে ১৮ এর নীচে সবাই শিশু।