দেশ

আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পাসের ছক? ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশযাত্রা এড়াতে মন্ত্রীদের নির্দেশ মোদির

ডিসেম্বরেই বড় চমক দিল্লিতে! আসন পুনর্বিন্যাস ও নারী শক্তি বন্ধন বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র, মন্ত্রীদের তড়িঘড়ি প্রস্তুতির নির্দেশ

Truth of Bengal: আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ সংশোধনী আইন পাশ করাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে পারে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার, এমন জল্পনার মাঝেই শীতকালীন অধিবেশনের জোর প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্র। বিশেষ অধিবেশন না হলে শীতকালীন অধিবেশনের শুরুতেই নারী শক্তি বন্ধন অধিনিয়ম এবং আসন পুনর্বিন্যাস বিল পেশ করতে পারে সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই দুই গুরুত্বপূর্ণ আইন পাশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীদের দ্রুত সংসদ অধিবেশনের প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়েছেন এবং আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশযাত্রা এড়িয়ে চলতে বলেছেন। যেকোনো মুহূর্তে সংসদ অধিবেশন ডাকা হলে যাতে সাংসদ ও মন্ত্রীরা দিল্লি পৌঁছতে পারেন, সেভাবেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী, ১৫ ডিসেম্বর বা তার দু’একদিন আগে শীতকালীন অধিবেশন শুরু হতে পারে। তবে বাদল অধিবেশন এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত বা ‘পোরগ’ ঘোষণা না হওয়ায় তা ঘোষণা করে নতুন অধিবেশন ডাকতে সময় লাগবে বলেই ১৫ ডিসেম্বরের আগে অধিবেশন শুরুর সম্ভাবনা কম; সেক্ষেত্রে শীতকালীন অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিশেষ অধিবেশন ডাকারও চেষ্টা চলছে।

যে অধিবেশনেই হোক, ডিসেম্বরের মধ্যেই আসন পুনর্বিন্যাস আইন পাশ করাতে মরিয়া কেন্দ্র এবং প্রয়োজনীয় সংখ্যাবল নিয়ে আত্মবিশ্বাসী। বর্তমানে ৫৪০ কার্যকর সদস্যের লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য ৩৬০টি ভোট প্রয়োজন। এনডিএ-র হাতে প্রায় ৩২০টি ভোট রয়েছে। এর সঙ্গে ডিএমকে-র ২২ জন সাংসদের সমর্থন যুক্ত হলে সংখ্যা দাঁড়ায় ৩৪২, এবং শরদ পাওয়ারের এনসিপি-র ৭ সাংসদ পাশে থাকলে তা আরও বাড়বে। বাকি ভোটের অঙ্ক মেলাতে অন্যান্য দলের সমর্থন বা ভোটাভুটির সময় বিরোধীদের অনুপস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সংখ্যা জোটাতে বিশেষ সমস্যা হবে না বলেই আশাবাদী শাসক শিবিরের অন্দরের একাংশ।

Related Articles