বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল নয় জন কাঁওয়ার যাত্রীর
Nine passengers died due to electrocution in Bihar

The Truth Of Bengal: এবার বড়সড় দুর্ঘটনার সাক্ষী থাকল বিহার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল নয় জন কাঁওয়ার যাত্রীর। অন্যদিকে জখম হয়েছে ছয় জন। গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার হাজিপুরে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিহারে । ইতিমধ্যেই জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ জানিয়েছে, ওই কাঁওয়ার যাত্রীরা বিহারের সুলতানপুর গ্রামের বাসিন্দা।জানা যায় একটি গাড়িতে সাউন্ডবক্স সাজিয়ে সরণের পাহলেজা ঘাটে যাচ্ছিলেন তাঁরা। সাউন্ডবক্সগুলি গাড়িতে খুব উঁচু পর্যন্ত সাজানো ছিল । সেইসময় রাস্তা দিয়ে যেতে গিয়ে হাজিপুরে হাইটেনশন তারের সঙ্গে ঠেকে যায় বক্সগুলি। এর ফলে গোটা গাড়িটিই তড়িদাহত হয়ে যায়। তড়িদাহত হয়ে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়। বাকি সাতজনকে জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা চলাকালীন আরও একজন কাঁওয়ার যাত্রীর হাসপাতালেই মৃত্যু হয়। উল্লেখ্য, প্রশাসনের তরফে এই ধরনের গাড়ি নিয়ে যেতে কাঁওয়ার যাত্রীদের বারবারই নিষেধ করা হয়। কিন্তু সেই কথা গ্রাহ্য না করার কারণে প্রায় প্রতি বছরই শ্রাবণ মাসে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটে থাকে।






