NEET Suicide: নিট-এ ৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়েও আত্মহত্যা! ভর্তি হওয়ার আগের দিন চরম সিদ্ধান্ত নিলেন মেধাবী ছাত্র
চলতি বছরের নিট পরীক্ষায় অনুরাগ সর্বভারতীয় স্তরে ওবিসি সংরক্ষণ তালিকায় ১৪৭৫ র্যাঙ্ক অর্জন করে।
Truth of Bengal: ডাক্তার হওয়ার স্বপ্ন অনেক পড়ুয়ারই। নিটে সফল হতে না পেরে আত্মহত্যার ঘটনা দেশে প্রায়শই ঘটে। কিন্তু এবার একেবারে উল্টোটাই ঘটল—৯৯.৯৯ পার্সেন্টাইল পেয়ে নিটে সাফল্য অর্জন করেও আত্মঘাতী হলেন মহারাষ্ট্রের এক মেধাবী পড়ুয়া। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চন্দ্রপুর জেলায়।মৃত পড়ুয়ার নাম অনুরাগ অনিল বোরকার (১৯)। সিন্ধেওয়াহি তালুকের নওয়ারগাঁওয়ে পরিবারের সঙ্গে থাকত সে (NEET Suicide)।
আরও পড়ুনঃ আমেরিকাকে ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি
চলতি বছরের নিট পরীক্ষায় অনুরাগ সর্বভারতীয় স্তরে ওবিসি সংরক্ষণ তালিকায় ১৪৭৫ র্যাঙ্ক অর্জন করে। সিদ্ধান্ত নিয়েছিল, উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গিয়ে এমবিবিএস পড়বে। বৃহস্পতিবারই ভর্তি হওয়ার উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তার। কিন্তু কলেজে যাওয়ার আগের দিনই মর্মান্তিক ঘটনা ঘটে। বুধবার রাতে অনুরাগকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তবে তাতে কী লেখা রয়েছে তা প্রকাশ করা হয়নি। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত (NEET Suicide)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
সূত্রের খবর, অনুরাগ আদতে ডাক্তার হতে চাইত না, হয়তো সেই চাপই তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।ঘটনায় তদন্ত শুরু করেছে নওয়ারগাঁও থানার পুলিশ।প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে নিট পরীক্ষার আগে থেকেই দেশজুড়ে আতঙ্কে বহু পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটেছিল। এবার পরীক্ষায় সাফল্য পেয়েও আত্মহত্যা করায় পড়ুয়াদের মানসিক স্বাস্থ্য ও ভবিষ্যৎ পছন্দ নিয়ে নতুন প্রশ্ন উঠছে (NEET Suicide)।






