Mumbai Rain:বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্যনগরী! মাঝপথে আটকে ৮০০ যাত্রীসহ দুটি মনোরেল
যান চলাচল থেকে ট্রেন চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। বিমান পরিষেবাতেও দেখা দিয়েছে বিঘ্ন।
Truth of Bengal: টানা ভারী বর্ষণে কার্যত বিপর্যস্ত মুম্বই শহর। বড় রাস্তা থেকে অলিগলি সর্বত্রই জল জমে গেছে। যান চলাচল থেকে ট্রেন চলাচল কার্যত অচল হয়ে পড়েছে। বিমান পরিষেবাতেও দেখা দিয়েছে বিঘ্ন। তার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যায় দু’টি মনোরেল মাঝপথে আটকে পড়ায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। দুই ট্রেন মিলিয়ে প্রায় ৮০০ জন যাত্রীকে উদ্ধার করতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। প্রথম মনোরেলটি আটকে যায় চেম্বুর ও ভক্তি পার্ক স্টেশনের মাঝে। ওই ট্রেনে ছিলেন ৫৮২ জন যাত্রী। তাঁদের সকলকে উদ্ধার করা হয়। কিছুক্ষণের মধ্যেই আচার্য আত্রে ও ওয়াডালা স্টেশনের মাঝে আটকে পড়ে আরেকটি মনোরেল, যাতে ছিলেন প্রায় ২০০ জন যাত্রী। এমএমআরডিএ জানিয়েছে, অতিরিক্ত ভিড় ও বিদ্যুৎ বিভ্রাটের কারণেই এই বিপত্তি ঘটে (Mumbai Rain)।
আরও পড়ুনঃ Cylinder Fire: গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন! সাগরদীঘিতে অগ্নিদগ্ধ ১০ জন
আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টা করলে উদ্ধারকারী দল তাঁদের সামাল দেয়। অনেকে অসুস্থ হয়ে পড়েন। যদিও বুধবার সকাল থেকে ফের মনোরেল পরিষেবা চালু হয়েছে, অনেকেই আতঙ্কে বিকল্প পথ বেছে নিচ্ছেন। মহারাষ্ট্র জুড়ে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোঙ্কন, মরাঠওয়াড়া ও পশ্চিম মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি চলছে। টানা চার দিনে রাজ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। নান্দেড় জেলায় নিখোঁজ পাঁচজন। জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর ২৪টি দল উদ্ধার কাজে নিযুক্ত। প্রয়োজনে সেই সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। বৃষ্টির জেরে রেলপথে একাধিক ট্রেন বাতিল বা সংক্ষিপ্ত রুটে চালানো হচ্ছে। বাতিল একাধিক লোকাল ট্রেন। মুম্বইবাসীর লাইফ লাইন হল লোকাল ট্রেন। সেই ট্রেনের লাইনও জলের তলায় (Mumbai Rain)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
ফলে পশ্চিম রেলওয়ে ডিভিশনের তরফে বুধবারও বেশকিছু লোকাল ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়। সেইসঙ্গে বিমান সংস্থাগুলিও যাত্রীদের সতর্কতা জারি করেছে। মৌসম ভবন জানিয়েছে, বুধবারও মুম্বইয়ে ভারী বৃষ্টিপাতের জেরে লাল সতর্কতা জারি করা হয়। দিনভর চলে বৃষ্টিপাত। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমতে পারে বলে আশা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকলেও মুম্বই বিশ্ববিদ্যালয় পরিস্থিতি বিবেচনা করে বুধবারের কিছু পরীক্ষা বাতিল করেছে। নতুন পরীক্ষার দিন পরে জানানো হবে। একথায় বলা যায়, ভারী বৃষ্টির জেরে কার্যত নাজেহাল অবস্থা মুম্বইবাসীর (Mumbai Rain)।






