দেশ

উপত্যকায় নির্বাচনের দামামা মোদির, ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা

Modi's 32000-crore scheme launched in the valley

The Truth of Bengal: লোকসভা নির্বাচনের আগে উপত্যকায় ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৩২ হাজার কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন জম্মু কাশ্মীরের জন্য। এই প্রকল্পগুলি স্বাস্থ্য, শিক্ষা, রেল, সড়ক, বিমান পরিবহণ, পেট্রোলিয়াম এবং নাগরিক পরিকাঠামো-সহ একাধিক সেক্টরের সঙ্গে যুক্ত। জম্মুতে আয়োজিত সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সুফল নিয়ে সরব হন। প্রধানমন্ত্রীর কথায়, ‘এখন জম্মু-কাশ্মীরের মানুষ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।

আমি শুনেছি, ৩৭০ ধারা নিয়ে একটি ছবি মুক্তি পাচ্ছে। মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছবে।‘ নির্বাচনে বিজেপি-কে ৩৭০টি আসন ও এনডিএ-কে ৪০০টি আসনে জেতানোর আহ্বান জানান মোদি। বিভিন্ন প্রকল্পের সূচনার পাশাপাশি এদিন দেড় হাজার চাকরির নিয়োগপত্রও বণ্টন করেন প্রধানমন্ত্রী। জম্মু বিমানবন্দরের নয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রীর হাত ধরে প্রথম বৈদ্যুতিক ট্রেন পেল জম্মু ও কাশ্মীর।

নতুন বেশকিছু রেলপ্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সেই দিনটি আর বেশি দূরে নেই, যেদিন মানুষ কাশ্মীর থেকে ট্রেনে করে সমগ্র দেশ ভ্রমণ করতে পারবে। প্রথম বৈদ্যুতিক ট্রেন লাভ করার জন্য  জম্মু ও কাশ্মীরের জনগণকে অভিনন্দন জানান তিনি। বন্দে ভারতের মতো আধুনিক ট্রেন সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন, দু’টি বন্দে ভারত ট্রেন জম্মু ও কাশ্মীরে চলাচল করছে এবং মাতা বৈষ্ণোদেবী যাওয়ার ব্যবস্থা উন্নত করা হয়েছে।

Related Articles