বিনোদনরাজ্যের খবর

বনগাঁ কাণ্ডে নয়া মোড়, এবার সরাসরি মিমি চক্রবর্তীকে আইনি নোটিস তনয় শাস্ত্রীর

এই বিষয়ে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Truth of Bengal: বনগাঁর অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যকার আইনি লড়াই এবার ভিন্ন মাত্রা নিল। সম্প্রতি জেল থেকে মুক্তি পাওয়ার পরেই মিমির বিরুদ্ধে পালটা পদক্ষেপ গ্রহণ করেছেন তনয়। আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির মাধ্যমে তিনি অভিনেত্রীকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। যদিও এই বিষয়ে মিমি চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রেরিত এই আইনি নোটিসে মূলত তিনটি প্রধান বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। প্রথমত, অনুষ্ঠানের পারিশ্রমিক বাবদ মিমিকে দেওয়া ২ লক্ষ ৬৫ হাজার টাকা ফেরতের দাবি জানানো হয়েছে। তনয় শাস্ত্রীর অভিযোগ, রাত সাড়ে ৯টায় আসার কথা থাকলেও অভিনেত্রী প্রায় দু’ঘণ্টা দেরি করে রাত সাড়ে ১১টায় অনুষ্ঠানস্থলে পৌঁছান। সময়মতো না আসায় এবং সঙ্গে সঙ্গে মঞ্চে উঠতে না পারার কারণে এই বিপুল অঙ্কের টাকা ফেরত চাওয়া হয়েছে। দ্বিতীয়ত, অভিনেত্রীর করা অভিযোগের ভিত্তিতে তনয়কে জেল খাটতে হয়েছে, যা তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ণ করেছে বলে দাবি করা হয়েছে। এই মানহানির ক্ষতিপূরণ হিসেবে মিমির কাছে ২০ লক্ষ টাকা দাবি করেছেন তিনি। তৃতীয়ত, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মিমি চক্রবর্তীকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষমা না চাইলে অভিনেত্রীর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মানহানি মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তনয় শাস্ত্রীর আইনজীবী।

এই বিতর্কের সূত্রপাত হয়েছিল গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে। ক্লাবের সদস্যদের দাবি ছিল, মিমি চক্রবর্তী নির্ধারিত সময়ের অনেক পরে সেখানে পৌঁছান। রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি থাকায় সময় স্বল্পতার কারণে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এবং মিমিকে হেনস্থা করার অভিযোগ ওঠে। পরবর্তীকালে পুলিশের কাজে বাধা দেওয়া এবং অভিনেত্রীকে হেনস্থার অভিযোগে তনয় শাস্ত্রীসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর গত ১২ ফেব্রুয়ারি পুলিশি মামলায় জামিন পান তনয় শাস্ত্রী এবং ওই দিন সন্ধ্যায় জেলমুক্ত হন তিনি। এর আগে মিমির দায়ের করা মামলাতেও তিনি আদালত থেকে জামিন পেয়েছিলেন।

Related Articles