দেশ

ইনস্টাগ্রামে লাইভে শেষ মুহূর্ত! বন্ধুদের ‘ফ্লাইং কিস’ দিয়ে চরম পদক্ষেপ যুবকের

তাঁর মৃত্যুর আগে ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Truth of Bengal: মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। মাত্র ২২ বছরের এক যুবক ইনস্টাগ্রামে লাইভ চলাকালীন আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাতে দেহাত থানার এলাকায় এই ঘটনা ঘটে। যুবকের নাম মনোজ রজক। তাঁর মৃত্যুর আগে ১৪ মিনিটের একটি লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, লাইভ চলাকালীন তিনি বন্ধুদের দিকে হাত নেড়ে ইশারা করেন এবং উড়ন্ত চুমুও দেন। এরপর সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দেহাত থানার অফিসার বিকাশ যাদব জানান, “লাইভ চলাকালীনই তিনি এই চরম পদক্ষেপ নেন।”

স্থানীয়দের মতে, মনোজ একাই ভাড়া বাড়িতে থাকতেন। তাঁর বাবা পুনরায় বিয়ে করেছিলেন এবং মা আগেই প্রয়াত হন। জীবিকার জন্য তিনি প্লাম্বারের কাজ করতেন এবং পাশাপাশি নিজের ঘর থেকেই রেডিমেড পোশাক বিক্রি করতেন।

বন্ধুরা জানিয়েছেন, লাইভ ভিডিও দেখে তাঁরা রাত প্রায় সাড়ে ১০টা নাগাদ তাঁর ঘরে পৌঁছান। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, মনোজের মৃত্যু হয়ে গিয়েছিল।

ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে এবং সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই উত্তরপ্রদেশে এক মহিলার মৃত্যু নিয়েও একইরকম চাঞ্চল্য তৈরি হয়েছিল। রিল ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনাবশত তাঁর মৃত্যু হয় বলে পরে পুলিশ জানায়।