দেশ

জমি কেলেঙ্কারি মামলায় সিদ্দারামাইয়াকে ক্লিনচিট দিল লোকায়ুক্ত পুলিশ

Lokayukta Police gives clean chit to Siddaramaiah in land scam case

Truth Of Bengal: কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তাঁর স্ত্রী বিএম পার্বতী এবং পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মাইসুরু আরবান ডেভেলপমেন্ট অথরিটি (MUDA) জমি বরাদ্দ মামলায় কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে লোকায়ুক্ত পুলিশ।

১৩৮ দিন ধরে চলা এই তদন্তের চূড়ান্ত প্রতিবেদন সম্প্রতি বেঙ্গালুরুর সদর দফতরে জমা দেওয়া হয়। তদন্তের নেতৃত্বে ছিলেন মাইসুরুর লোকায়ুক্ত পুলিশ সুপার টি. জে. উদেশ।

২০২৪ সালের সেপ্টেম্বরে বেঙ্গালুরুর বিশেষ আদালতের নির্দেশে এই তদন্ত শুরু হয়। মামলায় ১০০-র বেশি ব্যক্তি, যার মধ্যে সরকারি আমলা, রাজনীতিবিদ, অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং MUDA-এর সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন।

তদন্তে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, তাঁর স্ত্রী বিএম পার্বতী ও ভগ্নিপতি বিএম মল্লিকার্জুন স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাঁদের বক্তব্য ভিডিও রেকর্ড করা হয় এবং নথিভুক্ত করা হয় চূড়ান্ত প্রতিবেদনে। সূত্রের খবর অনুযায়ী, ৩,০০০-র বেশি পৃষ্ঠার নথিপত্র পরীক্ষা করা হয়েছে, যেখানে জমি বরাদ্দ ও বিজ্ঞপ্তির প্রক্রিয়াগুলোর বিস্তারিত বিশ্লেষণ করা হয়।

সামাজিক কর্মী স্নেহময়ী কৃষ্ণ-র দায়ের করা একটি আবেদনের ভিত্তিতে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর বিশেষ আদালত সিদ্ধারামাইয়া ও তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয়। তার আগে কর্নাটকের রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট তদন্তের অনুমোদন দেন।

এই মামলায় ভারতীয় দণ্ডবিধি (IPC), দুর্নীতি প্রতিরোধ আইন, বেনামি সম্পত্তি লেনদেন নিষিদ্ধকরণ আইন এবং কর্ণাটক ভূমি দখল নিষিদ্ধকরণ আইন-এর অধীনে অভিযোগের তদন্ত করা হয়।

দীর্ঘ তদন্তের পর লোকায়ুক্ত পুলিশ জানিয়েছে, সিদ্ধারামাইয়া বা তাঁর পরিবারের বিরুদ্ধে কোনও বেআইনি কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। এখন দেখার বিষয় আদালত এই প্রতিবেদনের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেয়।

Related Articles