Kedarnath: কেদারনাথগামী হেলিকপ্টার ভেঙে পড়ল গৌরীকুণ্ডে
রবিবার ভোরে উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ল আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার।

Truth of Bengal: আহমেদাবাদের পর এবার কেদারনাথ। আবারও কেদারনাথগামী হেলিকপ্টার দুর্ঘটনা। রবিবার ভোরে উত্তরাখণ্ডের গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ল আরিয়ান এভিয়েশনের একটি হেলিকপ্টার। হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে (Kedarnath)।
উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি (UCADA) সূত্রে খবর, এদিন ভোর ৫টা ২০ মিনিটে গুপ্তকাশী থেকে কেদারনাথের উদ্দেশে টেক অফ করে হেলিকপ্টারটি। যাত্রীদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং এক শিশু ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রীরা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের বাসিন্দা। দুর্ঘটনার মূল কারণ হিসেবে এখনও পর্যন্ত খারাপ আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই কপ্টারটি গৌরীকুণ্ডের জঙ্গলে ভেঙে পড়ে। ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারকাজে নামে এনডিআরএফ (NDRF), এসডিআরএফ (SDRF) এবং স্থানীয় প্রশাসনের দল। দুর্গম অঞ্চলে দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। যদিও প্রচেষ্টা চলছে দ্রুততম সময়ের মধ্যে সব যাত্রীদের অবস্থান নিশ্চিত করে উদ্ধার সম্পূর্ণ করতে (Kedarnath)।
আরও পড়ুন: NEET Topper: দেশের মধ্যে ২০তম, NEET-এ সাফল্য অর্জন করে বাংলার মুখ উজ্জ্বল করল রূপায়ণ
ঘটনাটিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি নিজের এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “রুদ্রপ্রয়াগ জেলায় একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। উদ্ধারকাজে SDRF, NDRF ও জেলা প্রশাসনের দল যুক্ত হয়েছে।” প্রসঙ্গত, চলতি বছরে ২ মে কেদারনাথ মন্দিরের দরজা খোলার পর এটাই পঞ্চমবার হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা। সবশেষ দুর্ঘটনা ঘটে ৭ জুন, যখন একটি হেলিকপ্টার জরুরি অবতরণের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির উপর ভেঙে পড়ে কপ্টারের লেজ। তবে ওই ঘটনায় কেউ আহত হননি।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
রবিবারের দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য নজরদারি বাড়ানো হয়েছে এবং হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন (Kedarnath)।






