দেশ

ভিন্ন জাতে বিয়েই কাল! অন্তঃসত্ত্বা মেয়েকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রথমে মান্যের স্বামী ও শ্বশুরের উপর হামলা চালানোর চেষ্টা করেছিলেন প্রকাশ।

Truth Of Bengal: পরিবারের অনুমতি না নিয়ে ভিন্ন জাতের ছেলেকে বিয়ে করে পালিয়ে গিয়েছিলেন একটি মেয়ে। এই ঘটনার রাগে বছরের উনিশের ওই তরুণীকে রড দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। কর্নাটকের হুব্বাল্লিতে রবিবার এই শোকাবহ ঘটনা ঘটেছে।

পুলিশ ইতিমধ্যেই নিহত তরুণীর বাবা প্রকাশ ফক্কিরাগোদা এবং দুই আত্মীয়কে আটক করেছে। ঘটনার তথ্য অনুযায়ী, বিয়ের পর প্রাণের নিরাপত্তার কারণে মান্য তার স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে প্রায় ১০০ কিলোমিটার দূরের একটি জেলায় অবস্থান করছিলেন। গত ৮ ডিসেম্বর তারা আবার এলাকা ফিরেন। এরপরই ট্র্যাজেডিটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে প্রথমে মান্যের স্বামী ও শ্বশুরের উপর হামলা চালানোর চেষ্টা করেছিলেন প্রকাশ। তবে তাঁরা কোনোভাবে পালিয়ে প্রাণে বেঁচে যান। এরপর সন্ধ্যায় মান্যের শ্বশুরবাড়িতে ঢুকে ছয় মাসের অন্তঃসত্ত্বা মান্যকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। শ্বশুরবাড়ির অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারধর করা হয়।

মান্যকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা শেষ পর্যন্ত তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করেছে এবং বাকী অভিযুক্তদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে।

Related Articles