রাজ্যের খবর

Farakka Road Foundation: বহু প্রতীক্ষার অবসান, ফরাক্কার গাজিনগর মালঞ্চায় ৪.৫ কিমি গুরুত্বপূর্ণ রাস্তার শিলান্যাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার কাজের

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ বহু প্রতীক্ষার অবসান, মুর্শিদাবাদের ফরাক্কা গাজিনগর মালঞ্চা অঞ্চলে ৪.৫ কিমি রাস্তার শিলান্যাস বিধায়ক মনিরুল ইসলামের। ফরাক্কা বিধানসভা এলাকার গাজিনগর মালঞ্চা অঞ্চলের ফিডার ক্যানের পশ্চিম পাড়ে কৃষ্ণনগর–বহড়াগাছি ৪.৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তার কাজের বহু প্রতীক্ষার অবসান ঘটল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং বিধায়ক মনিরুল ইসলামের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এই রাস্তার কাজের শিলান্যাস করা হয়। এদিনের শিলান্যাস ও উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও গ্রাম পঞ্চায়েতের সদস্য, অঞ্চল সভাপতি সহ স্থানীয় নেতৃত্ব। অনুষ্ঠানে এলাকার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়, যা এই রাস্তার কাজ ঘিরে সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে।

জানা গেছে, মুর্শিদাবাদের ফরাক্কা বিধানসভা এলাকার গাজিনগর মালঞ্চা অঞ্চলের ফিডার ক্যানের পশ্চিম পাড়ে কৃষ্ণনগর–বহড়াগাছি ৪.৫ কিলোমিটার গুরুত্বপূর্ণ রাস্তা, প্রায় ৩ কোটি ৩ লক্ষ টাকা অর্থ বরাদ্দে এই রাস্তার কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তার সংস্কারের দাবিতে এলাকাবাসী সরব ছিলেন। অবশেষে শিলান্যাসের মাধ্যমে সেই দাবি বাস্তব রূপ পেল।

শিলান্যাস অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক মনিরুল ইসলাম কড়া বার্তা দেন। তিনি স্পষ্টভাবে জানান, ঠিকাদার সংস্থাকে কেউ নিজের সুবিধার জন্য যেন বিরক্ত না করে। কাজের বিবরন অনুযায়ী কাজ হবে এবং গুণগত মান বজায় রেখেই রাস্তার কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাস্তায় কোনো রকম মাস্তানি বা দাদাগিরি বরদাস্ত করা হবে না। আইন আইনের পথেই চলবে। বিধায়ক আরও বলেন, ঠিকাদার নির্ধারিত কাজের বিবরন অনুযায়ী কাজ করবেন এবং সাধারণ মানুষ সেই কাজে সহযোগিতা করবেন। তাঁর দাবি, গত পাঁচ বছরে ফারাক্কা বিধানসভার বুকে একাধিক ঐতিহাসিক উন্নয়নমূলক কাজ হয়েছে। এই রাস্তার কাজও তারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এছাড়াও এলাকায় অবস্থিত ফুলন্দর নদীর উপর একটি কালভার্ট নির্মাণের আশ্বাস দেন বিধায়ক। তিনি আরো জানান, আগামী ৫ দিনের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হবে।

Related Articles