Truth of Bengal: অপেক্ষার অবসান ঘটিয়ে রেকর্ড সময়ে প্রকাশিত হল আইসিএসই (ICSE) এবং আইএসসি (ISC) ২০২৬ পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৩০ দিনের মাথায় আইসিএসই এবং ২৬ দিনের মাথায় আইএসসি ফল ঘোষণা করে নজির গড়ল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই)। এ বছর দেশজুড়ে পড়ুয়াদের সাফল্যের হার তাক লাগানো। আইসিএসইতে পাশের হার ৯৯.১৮ শতাংশ এবং আইএসসি-তে পাশের হার ৯৯.১৩ শতাংশ। তবে সাফল্যের নিরিখে আঞ্চলিক বৈচিত্র্যও স্পষ্ট; দশম শ্রেণির ফলাফলে পশ্চিমাঞ্চল (৯৯.৮৫ শতাংশ) এবং দ্বাদশের ফলাফলে দক্ষিণাঞ্চল (৯৯.৮৭ শতাংশ) দাপট দেখিয়েছে।
এ বছর আইসিএসইতে ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। অন্যদিকে, আইএসসি-তে উত্তীর্ণ হয়েছে ১ লক্ষ ২ হাজার ৪১৪ জন পড়ুয়া। রাজ্যভিত্তিক পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গ থেকে আইসিএসইতে ৪৫৭টি স্কুলের ৪৪ হাজার ৪১০ জন পরীক্ষার্থী এবং আইএসসি-তে ৩৪৮টি স্কুলের ২৮ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। রাজ্যে সাফল্যের হারও ঈর্ষণীয়; আইসিএসইতে ৯৮.৮৪ শতাংশ এবং আইএসসি-তে ৯৮.৯০ শতাংশ পড়ুয়া সফল হয়েছে। গতবারের মতোই এবারও সাফল্যের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরাই এগিয়ে রয়েছে। জাতীয় স্তরে দশমে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ এবং দ্বাদশে ৯৯.৪৮ শতাংশ, যা ছাত্রদের তুলনায় কিছুটা বেশি।
ফলাফল দেখার জন্য পড়ুয়াদের সিআইএসসিই-র সরকারি ওয়েবসাইট, https://cisce.org অথবা https://results.cisce.org -এ ভিজিট করতে হবে। এছাড়া ডিজিলকারের ওয়েবসাইট https://results.digilocker.gov.in থেকেও মার্কশিট ডাউনলোড করা যাবে। যারা নিজেদের ফল নিয়ে সন্তুষ্ট নয়, তাদের জন্য কাউন্সিল খাতা রিভিউ বা পুনঃমূল্যায়নের সুযোগ রেখেছে। আগামী ১ মে থেকে ৪ মে পর্যন্ত এই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। রিভিউয়ের চূড়ান্ত ফলপ্রকাশ করা হবে জুনের প্রথম সপ্তাহে।
এছাড়া যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য রি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া ৮ মে থেকে ১৪ মে-র মধ্যে সম্পন্ন করতে হবে। এই বিশেষ পরীক্ষাটি আয়োজিত হবে ১৫ জুন এবং তার ফলাফল জুলাইয়ের শেষ সপ্তাহে প্রকাশ করা হবে বলে কাউন্সিল সূত্রে জানানো হয়েছে। রেকর্ড সংখ্যক পাশের হারে অভিভাবক থেকে শুরু করে শিক্ষকমহলেও খুশির হাওয়া। কাউন্সিলের এই দ্রুত ফলাফল প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। আপাতত নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রস্তুতির পালা শুরু পড়ুয়াদের।




