খেলা

অ্যাশেজের শেষ টেস্ট খেলেই অবসর নিতে চলেছেন উসমান খোয়াজা

সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ডি বিচে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় খোয়াজা এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে কুৎসিত আক্রমণ শুরু হয়।

Truth Of Bengal: কয়েক দিন আগেও সামাজিক মাধ্যমে ‘জঙ্গি’ বলে কটাক্ষের শিকার হতে হয়েছিল তাঁকে। সেই বিতর্ক, সমালোচনা আর বর্ণবিদ্বেষের অভিজ্ঞতা নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের ওপেনার উসমান খোয়াজা। চলতি অ্যাশেজ সিরিজের সিডনি টেস্টই হবে অজি জার্সিতে তাঁর শেষ ম্যাচ।শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অবসর ঘোষণার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন খোয়াজা। স্ত্রী র‌্যাচেল এবং দুই সন্তানকে পাশে নিয়ে তিনি জানান, বেশ কিছু দিন ধরেই অবসরের ভাবনা তাঁর মাথায় ঘুরছিল। খোয়াজার কথায়, অ্যাশেজ শুরু হওয়ার সময়ও মনে হয়েছিল, এটাই হয়তো আমার শেষ সিরিজ।

সম্প্রতি অস্ট্রেলিয়ার জনপ্রিয় পর্যটনকেন্দ্র বন্ডি বিচে জঙ্গি হামলার পর সোশ্যাল মিডিয়ায় খোয়াজা এবং তাঁর পরিবারকে লক্ষ্য করে কুৎসিত আক্রমণ শুরু হয়। ধর্মীয় পরিচয় এবং পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণেই একাধিকবার তাঁকে নিশানা করা হয়েছে বলে অভিযোগ করেন খোয়াজা। অবসর ঘোষণার দিন সেই অভিজ্ঞতার কথাও সামনে আনেন তিনি। বলেন, আমি পাকিস্তান থেকে উঠে আসা এক ভিন্ন বর্ণের মানুষ। আমি একজন গর্বিত মুসলিম। এক সময় আমাকে বলা হয়েছিল, কখনও অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারব না। আজ সবাই দেখুক, আমি কোথায় পৌঁছেছি।অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতি নিয়েও সরব হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। তাঁর বক্তব্য, এখানে এখনও বর্ণবিদ্বেষ পুরোপুরি দূর হয়নি। অন্য কোনও অজি ক্রিকেটারের সঙ্গে এমন ব্যবহার হতে দেখিনি।

খেলার দিক থেকেও সাম্প্রতিক সময়ে চাপে ছিলেন খোয়াজা। চলতি অ্যাশেজে ফর্ম নিয়ে প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে সুযোগ না পাওয়াকেই অবসরের সিদ্ধান্তের টার্নিং পয়েন্ট বলে জানিয়েছেন তিনি। খোয়াজার কথায়, ওটা আমার কাছে একটা ইঙ্গিত ছিল—এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে।আগামী বছর ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে খেলার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত আর তা সম্ভব হল না। খোয়াজা জানান, এই নিয়ে স্ত্রী এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গেও আলোচনা হয়েছিল। তবে পরিস্থিতি বুঝেই থামার সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, ১৯৮৬ সালে পাকিস্তানে জন্ম উসমান খোয়াজার। চার বছর বয়সে পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি দেন। তিনিই অস্ট্রেলিয়ার প্রথম পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক। অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত ৮৭টি টেস্টে ৬,২০৬ রান করেছেন খোয়াজা। গড় ৪৩.৩৯। রয়েছে ১৬টি শতরান ও ২৮টি অর্ধশতরান। সর্বোচ্চ ইনিংস ২৩২ রান।আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন খোয়াজা। কুইন্সল্যান্ডের হয়ে শেফিল্ড শিল্ড এবং ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশ লিগে খেলতে দেখা যাবে তাঁকে।