Himachal Pradesh: হড়পা বান-ধসে লণ্ডভণ্ড হিমাচল, নির্মাণ প্রকল্প ভেসে গেল জলের তোড়ে
অতিবৃষ্টির ফলে পার্বতী ও বিপাশা নদীর জলস্তর বিপদসীমার উপরে পৌঁছেছে।
Truth of Bengal: হিমাচল প্রদেশের কুলু জেলায় প্রবল বর্ষণের জেরে হড়পা বানের সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতে সেই জলের ধাক্কায় ভেঙে পড়েছে মলানা-১ জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ একাংশ। স্রোতের তোড়ে ভেসে গিয়েছে নির্মাণস্থলের একাধিক ট্রাক ও গাড়ি। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। অতিবৃষ্টির ফলে পার্বতী ও বিপাশা নদীর জলস্তর বিপদসীমার উপরে পৌঁছেছে। ফলে কুলুর নিম্নাঞ্চলে আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত সেসব এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা, কারণ আবহাওয়া দফতর জানিয়েছে, কুলুতে আগামী দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।( Himachal Pradesh)
[আরও পড়ুনঃ Rahul Gandhi: ‘গণতন্ত্র মৃত, ভোট ব্যবস্থা ধ্বংস!’ ২০২৫ লোকসভা নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন রাহুল গান্ধী]
শুধু কুলুই নয়, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মন্ডী জেলাতেও। পান্ডো বাঁধের কাছে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়কে ব্যাপক ধস নামায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। মন্ডীর পুলিশ সুপার সাক্ষী বর্মা জানান, একাধিক জায়গায় সড়ক ধসে পড়েছে, বহু গাড়ি রাস্তায় আটকে পড়েছে। কিছু জায়গায় রাস্তা কার্যত নিশ্চিহ্ন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে হিমাচল প্রদেশে অন্তত ৩৮৩টি রাস্তা বন্ধ। চম্বা, কুলু, মন্ডী ও উনা জেলার বহু অভ্যন্তরীণ রাস্তা দুর্গম হয়ে পড়েছে। প্রবল বৃষ্টি, ভূমিধস, হড়পা বান ও সড়ক দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭৩ জনের। রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।( Himachal Pradesh)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
বিপর্যয় মোকাবিলার দল ও সেনার সাহায্যে উদ্ধার ও পুনর্বাসনের কাজ চলছে। পরিস্থিতির উপর নজর রাখছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । অন্যদিকে ভারতের মানচিত্র থেকেই মুছে যেতে পারে হিমাচল প্রদেশ। এমন আশঙ্কা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং আর মহাদেবনের বেঞ্চের স্পষ্ট পর্যবেক্ষণ, বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি সবকিছু চলতে থাকে তাহলে খুব দ্রুত এমন দিন আসতে চলেছে যেদিন ভারতের মানচিত্র থেকে হিমাচল প্রদেশ হয়তো মুছে যাবে। ঈশ্বর করুন এমন দিন যেন দেখতে না হয়। হিমাচল প্রদেশের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। বলা বাহুল্য, পর্যটনই হিমাচলের আয়ের মূল উৎস। কিন্তু অনিয়ন্ত্রিত ভাবে পর্যটনের বৃদ্ধি রাজ্যের পরিবেশের ক্ষতি করছে বলে পর্যবেক্ষণ আদালতের। তাই হিমাচলকে বাঁচাতে সঠিক এবং দ্রুত পদক্ষেপ করা উচিত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।( Himachal Pradesh)






