Lucknow: মোবাইল গেম খেলতে খেলতেই মৃত্যু! লখনউয়ে ১৩ বছরের কিশোরের আকস্মিক প্রয়াণে চাঞ্চল্য
বিবেক ঘরে বসে মোবাইলে জনপ্রিয় একটি গেম খেলছিল। কিছুক্ষণ পরে তার বোন ঘরে এসে দেখে, মোবাইল বিছানায় পড়ে আছে, গেম চালু রয়েছে, কিন্তু বিবেক নিস্তেজ হয়ে শুয়ে আছে।
Truth of Bengal: মোবাইল গেম খেলতে খেলতে তেরোর এক কিশোরের আচমকা মৃত্যু। আর তাতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের লখনউয়ে। মৃতের নাম বিবেক। পরিবারের দাবি, সে মোবাইল গেমে অত্যন্ত আসক্ত ছিল।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেদিন বাড়িতে পরিবারের সদস্যরা ছিলেন। বিবেক ঘরে বসে মোবাইলে জনপ্রিয় একটি গেম খেলছিল। কিছুক্ষণ পরে তার বোন ঘরে এসে দেখে, মোবাইল বিছানায় পড়ে আছে, গেম চালু রয়েছে, কিন্তু বিবেক নিস্তেজ হয়ে শুয়ে আছে। প্রথমে মনে হয়েছিল, সে ঘুমিয়ে পড়েছে। কিন্তু দীর্ঘ সময় কেটে যাওয়ার পরেও যখন কোনও সাড়া পাওয়া যায়নি, তখন পরিবারের সন্দেহ হয় (Lucknow)।
দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।তবে বিবেকের মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এটি ‘সাডেন গেমার ডেথ সিন্ড্রোম’-এর ঘটনা হতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে, দীর্ঘ সময় ধরে টানা গেম খেলার ফলে শরীরে অতিরিক্ত মানসিক চাপ ও উত্তেজনা তৈরি হয়, যা হঠাৎ হৃদ্যন্ত্র বিকল হওয়ার কারণ হতে পারে।আমেরিকার ন্যাশনাল হেল্থ ইনস্টিটিউট এবং ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন-এর এক গবেষণা অনুযায়ী, ২০০২ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্বজুড়ে এমন অন্তত ২৪টি মৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে, যেগুলির সঙ্গে অনলাইন বা মোবাইল গেম খেলার সরাসরি সম্পর্ক পাওয়া গিয়েছে (Lucknow)।
গবেষণায় বলা হয়েছে, এই মৃত্যুগুলির বেশিরভাগই ঘটেছে ১১ থেকে ৪০ বছর বয়সি পুরুষ গেমারদের মধ্যে, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি—সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায়। মৃতদের মধ্যে কারও মৃত্যু হয়েছে পালমোনারি এম্বলিজ়মে, কারও মস্তিষ্কে রক্তক্ষরণে, আবার অনেকের ক্ষেত্রে কারণ ছিল কার্ডিয়াক এরিথমিয়া।বিবেকের মৃত্যুতেও সেই আশঙ্কাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ উঠে আসবে বলে জানিয়েছে লখনউ পুলিশ (Lucknow)।






