দেশ

দিল্লির বায়ু দূষণের জেরে কৃত্রিম বৃষ্টির চিন্তা ভাবনা  

Delhi Polution

The Truth of Bengal: দীপাবলির ঠিক আগে দিল্লির বায়ু দূষণ অনেকটাই কমেছিল শুধুমাত্র বৃষ্টির জেরে। দীপাবলির আগে যেটুকুবা দূষণ কমেছিল দীপাবলির সময় যথেচ্ছ বাজি পড়ানোর জেরে তা আবারও বেড়ে যায়। তার ফলে নতুন করে হওয়া বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি করানোর কথাই ভাবছে দিল্লি সরকার। এর মধ্যে দিল্লি সরকার দূষণ নিয়ন্ত্রণে যানবাহন নিয়ন্ত্রণে কথা ভাবছে। সে ক্ষেত্রে জোড় বিজোড় নীতিও নতুন করে ফিরিয়ে আনার ভাবনা রয়েছে দিল্লি সরকারের। দিল্লির বিভিন্ন এলাকার বাতাসের গুণমানের গড় সূচক ছিল প্রায় ৪০০ এর কাছাকাছি। দূষণের এই পরিস্থিতিকে পরিবেশবিদরা ভয়াবহ বলে আখ্যা দিয়েছেন। এই পরিস্থিতিতে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেন, আগামী দিনগুলিতে দূষণ পরিস্থিতির উপরে নজর রাখা হবে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী দিন গুলিতে বায়ুপ্রবাহের গতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি তা না হয়, সে ক্ষেত্রে দূষণ কমাতে কৃত্রিম বৃষ্টি করানোর বিষয়ও ভাবনা চিন্তা করা হচ্ছে। এরমধ্যেই এই বিষয়ে আইআইটি কানপুরের সঙ্গে প্রাথমপর্যায়ের আলোচনা হয়েছে দিল্লি সরকারের। দিল্লির পরিবেশমন্ত্রী বলেন, ‘‘গত সপ্তাহে যে বৃষ্টি হয়েছিল, তার জেরে দূষণ এক ধাক্কায় নীচে নেমে আসে। সেই কারণেই কৃত্রিম বৃষ্টির কথা ভাবা হচ্ছে।’’ বায়ু দূষণ কমাতে ফের যানবাহন নিয়ন্ত্রণে জোড় বিজোড় নীতি চালু করা সম্ভব কি না, তা ও খতিয়ে দেখছে অরবিন্দ কেজরীওয়াল প্রশাসন।

এর আগে ১৩ নভেম্বর থেকে দিল্লিতে জোড় বিজোড় নীতি চালু করার কথা ভেবে ছিল দিল্লি সরকার। তবে নীতি প্রয়োগ করলে আদৌ পরিবেশে বাতাসের মান উন্নত হয় কি না, সেই বিষয়ে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। দিল্লি সরকারের দাবি, দ্য এনার্জি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ২০১৮ সালে একটি সমীক্ষায় জানিয়েছিল, বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণার উপস্থিতির জন্য গাড়ির ধোঁয়া ৪০ শতাংশ দায়ী। বাতাসে অতি সূক্ষ্ম ধূলিকণা ফুসফুসের জন্য ভীষণ ভাবে ক্ষতিকর। মূলত সেই রিপোর্টের ভিত্তিতেই দূষণ কমাতে জোড় বিজোড় নীতি ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে জানাতে চলেছে কেজরীওয়াল প্রশাসন।

Free Access

Related Articles