Delhi Pollution: দীপাবলির পরেও ধোঁয়াশায় মোড়া রাজধানী, দূষণের মাত্রা ছুঁল ‘ভয়াবহ’ রেকর্ড
সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত বাজি পোড়ানোয় দূষণের মাত্রা রেকর্ড ছুঁয়েছে রাজধানীতে।
Truth of Bengal: দীপাবলি কেটে গিয়েছে তিন দিন, কিন্তু রাজধানী দিল্লির আকাশ এখনও ধোঁয়াশায় মোড়া। উৎসবের পরেও বায়ুর গুণমানের তেমন কোনও উন্নতি হয়নি। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত বাজি পোড়ানোয় দূষণের মাত্রা রেকর্ড ছুঁয়েছে রাজধানীতে।কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড -এর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টা নাগাদ দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৩৪৫, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। রাজধানীর ৩৮টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে ৩৪টিই রয়েছে রেড জোনে। তার মধ্যে পঞ্জাবি বাগ ও ওয়াজিরপুরে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছুঁয়েছে যথাক্রমে ৪৩৩ ও ৪০১, যা ‘ভয়াবহ’ শ্রেণির অন্তর্গত।গত পাঁচ বছরের মধ্যে দীপাবলির পর দিল্লির বাতাসের গুণমান সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে চলতি বছরে। মঙ্গলবারের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হলেও দূষণ এখনও বিপজ্জনক পর্যায়ে। মঙ্গলবার দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৫১ — যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমার প্রায় ১০০ গুণ বেশি।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র ‘সবুজ বাজি’ পোড়ানোর অনুমতি ছিল। কিন্তু বাস্তবে দেখা গেছে, বহু এলাকাতেই এই নিয়ম ভেঙে শব্দবাজি ও আতশবাজি পোড়ানো হয়েছে ঘণ্টার পর ঘণ্টা ধরে। ফলে বায়ুদূষণ ও শব্দদূষণ, দুইয়েরই চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।অন্যদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দীপাবলির আগে নাগরিকদের সচেতন থাকার আবেদন জানিয়ে পরিবেশবান্ধব উপায়ে উৎসব পালনের আহ্বান জানিয়েছিলেন। তিনি প্রদীপ জ্বালানো ও রঙ্গোলি তৈরির মাধ্যমে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবুও দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আম আদমি পার্টির নেতারা বিজেপি সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য, দীপাবলি পরবর্তী দূষণ রুখতে পুলিশ ও প্রশাসনের তরফে বাজি বিক্রি ও পোড়ানোয় কড়া নজরদারি চালানো হয়েছিল। এমনকি ই-কমার্স সাইটে ‘সবুজ বাজি’ বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে বাস্তবে সেই নির্দেশ কার্যকর হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বাজি পোড়ানোর পাশাপাশি যানবাহনের ধোঁয়া এবং আশপাশের রাজ্যগুলিতে শস্যের গোড়া পোড়ানোর মতো কারণও দিল্লির দূষণ বাড়াচ্ছে। ফলে উৎসব শেষ হলেও রাজধানীর আকাশে ধোঁয়াশার পর্দা এখনও ঘনই রয়ে গিয়েছে।






