স্পিকার হচ্ছেন রথীন্দ্রনাথ বসু! উত্তরবঙ্গের সংঘ ঘনিষ্ঠ নেতার ওপরেই আস্থা শুভেন্দুর
বিধানসভার অধ্যক্ষ পদে কেন আরএসএস ঘনিষ্ঠ নেতাকে বেছে নিল বিজেপি?
Truth of Bengal: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার পর এবার বিধানসভার স্পিকার নির্বাচন নিয়েও বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার পদপ্রার্থী হিসেবে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসুর নাম মনোনীত করেছে বিজেপি। বৃহস্পতিবার সকালেই সোশাল মিডিয়ায় এই খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।
সব জল্পনার অবসান
বিগত কয়েকদিন ধরেই বিধানসভার স্পিকার কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অভিজ্ঞ বিধায়ক তাপস রায় থেকে শুরু করে বুদ্ধিজীবী স্বপন দাশগুপ্ত কিংবা দাপুটে নেতা সজল ঘোষ, একাধিক নাম ঘোরাফেরা করছিল রাজনৈতিক অলিন্দে। কিন্তু সবাইকে পিছনে ফেলে বাজিমাত করলেন রথীন্দ্রনাথ বসু। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আমার স্থির বিশ্বাস, তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।”
কে এই রথীন্দ্রনাথ বসু?
কোচবিহার দেবীবাড়ির ভূমিপুত্র রথীন্দ্রনাথ বসু দীর্ঘ সময় শিলিগুড়িতে বিজেপির সাংগঠনিক কাজ সামলেছেন। তিনি বিজেপির রাজ্য সহ-সভাপতির দায়িত্ব সামলানোর পাশাপাশি উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়কের কাজও করেছেন। পরিষদীয় রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা তুলনামূলক কম থাকলেও, তিনি একজন অত্যন্ত সুবক্তা এবং আরএসএস তথা সংঘের একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। উত্তরবঙ্গ থেকে প্রথমবার কাউকে এই সম্মানজনক পদে বসিয়ে বিজেপি উত্তরবঙ্গের মানুষের কাছে এক বড় রাজনৈতিক বার্তা দিতে চাইল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়?
নিয়ম অনুযায়ী, বিধায়কদের শপথ গ্রহণের পর বিধানসভায় স্পিকার নির্বাচন হওয়ার কথা। যদি বিরোধী শিবির (তৃণমূল কংগ্রেস) পালটা কোনও প্রার্থী না দেয়, তবে রথীন্দ্রনাথ বসু সর্বসম্মতিক্রমে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই অধ্যক্ষ পদে আসীন হবেন। তবে তাঁর নাম ঘোষণার পর থেকেই বিজেপির অন্দরে খুশির হাওয়া, কারণ রথীনবাবুর মতো স্বচ্ছ ভাবমূর্তির নেতার হাতে বিধানসভার রাশ নিরাপদ থাকবে বলেই মনে করছেন শীর্ষ নেতৃত্ব।






