Cold Wave Alert: পোলার ভর্টেক্সের প্রভাবে উত্তর ও মধ্য ভারতে এবার ‘রেকর্ড-ঠান্ডা’, জারি হলো শৈত্যপ্রবাহের সতর্কতা
পোলার ভর্টেক্স হলো মেরু অঞ্চলের চারপাশে ঘূর্ণায়মান শীতল বাতাসের একটি বিশাল অংশ, যা এরই মধ্যে দেশের তাপমাত্রাকে প্রভাবিত করতে শুরু করেছে।
Truth of Bengal: ভারত জুড়ে ধীরে ধীরে নামছে শীতের চাদর। ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, চলতি মরসুমে উত্তর এবং মধ্য ভারতের একাধিক অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এর মধ্যেই বেশ কিছু অংশে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ‘পোলার ভর্টেক্স’-এর প্রভাবে হরিয়ানা, রাজস্থান, দিল্লি এবং গুজরাট-সহ একাধিক রাজ্যের তাপমাত্রার পারদ উল্লেখযোগ্যভাবে নীচে নেমে যাবে। পোলার ভর্টেক্স হলো মেরু অঞ্চলের চারপাশে ঘূর্ণায়মান শীতল বাতাসের একটি বিশাল অংশ, যা এরই মধ্যে দেশের তাপমাত্রাকে প্রভাবিত করতে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রদেশে ঠান্ডা বাড়ার পিছনে এরই ভূমিকা রয়েছে।
IMD আরও জানিয়েছে, এই রাজ্যগুলিতে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি—এই তিন মাসের মধ্যে চার দিন বা তার বেশি সময় ধরে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা প্রবল। সাধারণত, উত্তর-পশ্চিম ভারতেই শৈত্যপ্রবাহ দেখা যায়, কিন্তু এবার অন্যান্য রাজ্যেও এর প্রভাব পড়তে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। সাধারণত, যখন কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে এবং বেশ কয়েক দিন ধরে তা একই রকম বজায় থাকে, তখন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়।
হাওয়া অফিস বলছে, এই মরসুমে শীতের তীব্রতা আরও বাড়বে পোলার ভর্টেক্স এবং ‘লা নিনা’র মিলিত প্রভাবে। ‘লা নিনা’ হলো প্রশান্ত মহাসাগরের মাঝখান এবং পূর্ব দিকের সমুদ্রপৃষ্ঠে বয়ে যাওয়া শীতল হাওয়া। এই হাওয়ার প্রভাবেই সাধারণত ভারতে শীতকাল আসে। IMD-এর পূর্বাভাস অনুযায়ী, চলতি মরসুমে মধ্য ভারতের বেশিরভাগ অংশ, দক্ষিণ ভারত এবং উত্তর-পশ্চিম ভারতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই নিচে নেমে যেতে পারে। তবে দেশের কিছু কিছু অঞ্চলের তাপমাত্রা আবার স্বাভাবিকের চেয়ে বেশি থাকারও সম্ভাবনা রয়েছে।






