দেশ

ছত্তিশগড়ে ১৯ বছরের তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার পুলিশের ‘হেল্পলাইন’ চালকসহ দুই অভিযুক্ত

বাকি তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Truth Of Bengal: ছত্তিশগড়ের কোরবা জেলায় এক ১৯ বছর বয়সী তরুণীকে গণধর্ষণ! অভিযোগ পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর বিষয় হল, অভিযুক্তদের মধ্যে পুলিশের জরুরি পরিষেবা হেল্পলাইন নম্বর ‘ডায়াল ১১২’-এর এক গাড়ি চালকও রয়েছে। শনিবার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মূল অভিযুক্ত চালকসহ দু’জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ জানুয়ারি রাতে কোরবার বাঁকিমোঙ্গরা থানা এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্তদের মধ্যে একজন ওই তরুণীর পূর্বপরিচিত ছিল। সে ফোন করে তরুণীকে বাইরে ডাকে। এরপর তাঁকে বাঁকিমোঙ্গরা এলাকার একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে ‘ডায়াল ১১২’ পরিষেবার বেসরকারি চালক এবং আরও চারজন মিলে তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ।

নির্যাতিতা তরুণীকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে অভিযুক্তরা এলাকা থেকে চম্পট দেয়। জ্ঞান ফেরার পর কোনোক্রমে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব কথা জানান ওই তরুণী। পরিবারের পক্ষ থেকে তাঁকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। শুক্রবার প্রথমে সিভিল লাইনস থানায় একটি ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়, যা পরবর্তীতে তদন্তের জন্য বাঁকিমোঙ্গরা থানায় স্থানান্তরিত করা হয়েছে।

কোরবা জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ তিওয়ারি জানিয়েছেন, ‘ডায়াল ১১২’-এর চুক্তিভিত্তিক বেসরকারি চালকসহ দুই অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকি তিনজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।