ইসরোর মুকুটে নয়া পালক, আমেরিকা-চিনকে পাল্লা দিতে ২ধাপে চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৪
A new feather in ISRO's crown, Chandrayaan-4 will go to the moon in 2 steps to compete with America and China

The Truth Of Bengal: গত বছর থেকে ক্রমশ নিজের অত্যাধুনিক প্রযুক্তির সাফল্যের দ্বারা গোটা বিশ্ব বাসীকে চমকে দিচ্ছে ISRO । চাঁদের উত্তর মেরুতে সফলভাবে অবতরন থেকে শুরু করে সূর্যের বায়ুমণ্ডলকে পর্যবেক্ষনের জন্য আদিত্য-এল১। এরকম বহু প্রযুক্তির মাধ্যমে ভারতকে বিশ্বের দরবারে সর্বশীর্ষে নিয়ে যেতে সক্ষম হচ্ছে ISRO।
তবে চন্দ্রযান -৩ এখন অতীত। এবার চন্দ্রযান-৪ অভিযানের তোড়জোড় শুরু করে দিয়েছে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা সূত্রে খবর, চন্দ্রযান -৪ কে এবার দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে। প্রথম ক্ষেত্রে কাজে লাগবে এলভিএম-৩ এবং পরবর্তীকালে দ্বিতীয় ক্ষেত্রে পিএসএলভি ব্যবহার করা হবে। শুধু তাই নয়, আলাদা আলাদা করে মোট পাঁচটি মহাকাশযান থাকবে, যাদের প্রত্যেকটির কাজ থাকবে ভিন্ন। এই অভিযান সফল হলে আমেরিকা, রাশিয়া এবং চীনকে কার্যত সমানে সমানে টেক্কা দিতে প্রস্তুত হবে ইসরো। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এস সোমনাথ জানিয়েছেন, চন্দ্রযান -৪ এর কাজ হবে চাঁদের মাটিতে অবতরণ করে পাথরের নমুনা সংগ্রহ করে দেশে নিয়ে আসা। সেই পরিকল্পনা মাফিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, মোট তিনটি দেশ অর্থাৎ আমেরিকা তার অ্যাপোলো অভিযানে, সোভিয়েত ইউনিয়ন তার লুনা অভিযানে এবং চিন তার চ্যাং অভিযানের মাধ্যমে এই কাজ করতে সক্ষম হয়েছে। সুতরাং এমতাবস্থায় যদি ভারত এই কাজ করতে সফল হয় তাহলে চতুর্থ দেশ হিসেবে স্বীকৃতি লাভ করবে ভারত। চন্দ্রযান -৪ এর উৎক্ষেপণ সফল করতে বিজ্ঞানীরা যে বিষয়গুলিকে মাথায় রেখে এগোচ্ছে তা হল-
১) চাঁদের মাটিতে নিরাপদ ভাবে পৌঁছানো।
২) চাঁদের মাটিতে অবতরণের পর নমুনা সংগ্রহ করে তা সংরক্ষণ করা।
৩) চাঁদের মাটিতে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ চালানো।
৪) একটি মডিউল থেকে অন্য মডিউলে নমুনা পাঠানো।
৫) সমস্ত কাজ সম্পন্নের পর অবশেষে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করে দেশের মাটিতে ফিরে আসা।
এখনও পর্যন্ত ইসরোর তরফ থেকে উৎক্ষেপণের কোন দিনক্ষণ ঘোষণা করা না হলেও, খুব শীঘ্রই এর দিনক্ষণ ঘোষণা করা হবে এমনটাই সূত্রের খবর।






