
The Truth Of Bengal : পানিপুরি খেয়ে ১৭ বছরের যুবকের মৃত্যু। এমন অভিযোগ উঠেছে তামিলনাড়ুর ডিন্ডিগুলে। ভি ভেলু নামে ওই যুবক গত ৭ জুন তার বাড়ির কাছে একটি খাবারের দোকান থেকে পানিপুরি এবং অন্যান্য কিছু পদ খেয়েছিল। তারপর বিষক্রিয়া থেকে ভি ভেলু নামে ওই যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। ওই যুবকের বাড়ি আয়নারপুরম বাসিন্দা।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, ভেলু পানিপুরির সঙ্গে আরও কিছু খাবার খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে ডিন্ডিগুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শনিবার তাকে সরকারি রাজাজি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসায় সাড়া দেয়নি ওই যুবক। অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। রবিবার মারা যায় ওই যুবক।
এই মৃত্যুর ঘটনায় স্থানীয় নাথাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত যুবকের বাবা-মা দাবি করেছেন যে, পানিপুরি খাওয়ার কারণে তাঁর ছেলের মৃত্যু হয়েছে। এই অভিযোগ ওঠার পর খাদ্য দফতরের আধিকারিকরা তদন্ত শুরু করেন। সোমবার সেই খাবারের দোকান থেকে খাবারের কিছু নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান। রিপোর্ট আসার পর জানা যাবে সত্যিই ওই যুবকের মৃত্যুর কারণ পানিপুরি কিনা। যদি অভিযোগ সত্যি হয় তা হলে ক্রা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। অন্যদিকে, সরকারি রাজাজি হাসপাতালের ডিন ডাঃ সি ধর্মরাজ জানিয়েছেন, বায়োপসি রিপোর্ট থেকে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ফরেনসিক দল ইতিমধ্যে বিষ পরীক্ষার জন্য ভিসেরার নমুনা সংগ্রহ করেছে।





