দেশ

লোকসভার আসন ৫৪৩ থেকে একলাফে ৮৫০! মোদী সরকারের বড় সিদ্ধান্তে বদলাবে সংসদের সমীকরণ?

পুনর্বিন্যাসের পর রাজ্যগুলির জন্য নির্ধারিত আসন সংখ্যা আগামী ২৫ বছর আর পরিবর্তন করা হবে না

Truth of Bengal: লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ কার্যকরের পথে বড়সড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শুক্রবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে বলে খবর। সেই সিদ্ধান্ত কার্যকর হলে বর্তমান ৫৪৩টি আসন বেড়ে দাঁড়াতে পারে ৮৫০-এ। শুধু তাই নয়, পুনর্বিন্যাসের পর রাজ্যগুলির জন্য নির্ধারিত আসন সংখ্যা আগামী ২৫ বছর আর পরিবর্তন করা হবে না। অর্থাৎ, এক ধাক্কায় দেশের সংসদীয় রাজনীতির সমীকরণে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হল। কেন্দ্রের এই সিদ্ধান্তের রাজনৈতিক তাৎপর্যও যথেষ্ট। কারণ, আসন বাড়ানোর বিষয়ে শুক্রবার সকালেই দাবি জানিয়েছিলেন ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। কেন্দ্রের প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হলে ডিএমকের ২২ জন লোকসভা সাংসদের সমর্থন পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ফলে বিরোধী শিবিরের কয়েকটি দলের সঙ্গে সমঝোতার পথও খুলতে পারে মোদী সরকারের সামনে।

আগামী ৩০ নভেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশনের বর্ধিত পর্ব শুরু হওয়ার কথা। চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। সোমবার লোকসভা এবং ২ ডিসেম্বর রাজ্যসভার অধিবেশন বসবে। এই পর্বেই ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করতে পারে কেন্দ্র। লোকসভার আসন পুনর্বিন্যাসের পাশাপাশি মহিলা সংরক্ষণ কার্যকর করার বিষয়টিও এই বিলের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য বলে জানা যাচ্ছে। শুক্রবারের মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সেই উদ্যোগ আরও গতি পেল বলেই মনে করা হচ্ছে। তবে আসন পুনর্বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন ছিল জনগণনাকে ঘিরে। নতুন জনগণনা এখনও সম্পন্ন না হওয়ায় কোন ভিত্তিতে রাজ্যগুলির মধ্যে আসন বণ্টন হবে, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্যা সামাল দিতে ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে রাজ্যগুলির আসনের আনুপাতিক হার বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সংক্রান্ত সাংবিধানিক স্থগিতাদেশের মেয়াদ আরও ২৫ বছর বাড়ানোর প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসনের আনুপাতিক বণ্টন অপরিবর্তিত রাখার পরিকল্পনা করছে কেন্দ্র।

এর আগে সিদ্ধান্ত হয়েছিল, ২০২৬ সালের পর প্রথম জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক সময়সীমা নির্ধারণ করা হবে। কিন্তু এবার দ্রুত মহিলা সংরক্ষণ কার্যকর করার লক্ষ্যে পুরনো জনগণনার অনুপাত বজায় রেখেই আসন বাড়ানোর পথ বেছে নিতে চাইছে সরকার। রাজনৈতিক সমীকরণেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ডিএমকের পাশাপাশি শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ)-এর আট জন সাংসদের সমর্থনও মিলতে পারে বলে ইঙ্গিত রয়েছে। অন্যদিকে, তৃণমূল থেকে এনসিপিআই হওয়া ২০ জন সাংসদের সমর্থন নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে সংসদের বর্ধিত অধিবেশনে বিলটি পাস করানোর ক্ষেত্রে কেন্দ্রের সামনে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

Related Articles