বিনোদন

মিমির জন্মদিনেই মুক্তি! বনগাঁ হেনস্থা মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী

তনয় শাস্ত্রীর মুক্তি পাওয়ার খবর সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে

Truth of Bengal: বনগাঁর চাঞ্চল্যকর ঘটনায় অভিনেত্রী মিমি চক্রবর্তীর করা হেনস্থার মামলায় অবশেষে জামিন পেলেন তনয় শাস্ত্রী। বুধবার অভিনেত্রীর জন্মদিনের দিনই তনয়-সহ বাকি দুই অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করল বনগাঁ আদালত। গত এক সপ্তাহের বেশি সময় জেল হেফাজতে থাকার পর তনয় শাস্ত্রীর মুক্তি পাওয়ার খবর সামনে আসতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।

ঘটনার সূত্রপাত হয়েছিল গত ৬ ফেব্রুয়ারি, যখন অভিনেত্রী মিমি চক্রবর্তী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে আদালতে গোপন জবানবন্দি দিয়েছিলেন। তার আগেই তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ানোর অভিযোগে তনয় ও তাঁর দুই সঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল। বুধবার তনয়দের ফের আদালতে পেশ করা হলে পুলিশ তাঁদের পুনরায় হেফাজতে নেওয়ার আবেদন জানায়। একই সঙ্গে মিমির আইনজীবীর পক্ষ থেকেও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক তিন অভিযুক্তেরই জামিন মঞ্জুর করেন।

গ্রেফতার হওয়ার দিনই তনয় শাস্ত্রী সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন যে, তিনি এই আইনি লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন। জামিন পাওয়ার পর তাঁর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, তা নিয়ে কৌতূহল থাকলেও তনয় এখন নীরব। তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি, জামিনের প্রয়োজনীয় কাগজপত্রের কাজ শেষ করে বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালের মধ্যেই তাঁরা বাড়ি ফিরবেন।

Related Articles