Mimi Chakraborty: “মানুষ মনুষ্যত্ব হারিয়েছে”- হঠাৎ কেন এমন মন্তব্য করলেন মিমি?
অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনির ঘটনা তুলে ধরেন।
Truth of Bengal: নিজের পোষ্যদের প্রতি ভালোবাসা এবং পথপশুদের উপর অত্যাচারের বিরুদ্ধে বরাবরই সোচ্চার টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি ফ্লাইওভারে থুতু ফেলার মতো জনস্বাস্থ্যবিরোধী কাজের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এবার পথকুকুরদের এক নজিরবিহীন মানবিক ঘটনা তুলে ধরেছেন অভিনেত্রী, যা তাঁকে গভীরভাবে প্রভাবিত করেছে। এই ঘটনা দেখে তিনি মন্তব্য করেছেন, “মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে মানুষ।”

অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে নবদ্বীপের একটি রেলওয়ে শ্রমিক কলোনির ঘটনা তুলে ধরেন। সেখানে রাস্তার ধারে পড়ে থাকা এক নবজাতককে পাহারা দেওয়ার মতো অবিশ্বাস্য কাজটি করেছে এলাকার পথকুকুরেরা। মিমি তাঁর পোস্টে লিখেছেন, “রাস্তার ধারে পড়ে থাকা নবজাত শিশুর দেখাশোনা করল পথকুকুররা।” স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শীতের রাতে ওই একরত্তি শিশুটির যাতে কোনো ক্ষতি না হয়, সেদিকে কুকুরগুলি সতর্ক নজর রেখেছিল এবং সকাল পর্যন্ত তারা শিশুটিকে আগলে রাখে।
এই মানবিক দৃশ্য দেখে অভিনেত্রী ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে লিখেছেন যে, মানুষ যখন তার মনুষ্যত্ব হারাচ্ছে, তখন পথকুকুররাই সেই মানবিকতা বজায় রেখেছে। যে সমাজে প্রায় প্রতিদিনই পথপশুদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসে, সেখানে নবজাতককে এমনভাবে রক্ষা করার ঘটনা সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। মিমি চক্রবর্তী মনে করেন, এই ঘটনা প্রমাণ করে যে প্রাণীদের মধ্যেও মানুষের চেয়ে বেশি মানবিকতা এবং সংবেদনশীলতা বিদ্যমান। অভিনেত্রী নিজের পোষ্যদের পরিবারের সদস্য মনে করেন এবং নিয়মিত তাদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।






