বিনোদন

Vijay-Rashmika: জল্পনার অবসান! গোপনে বাগদান সারলেন বিজয়-রশ্মিকা

জানা গেছে, দক্ষিণের এই জনপ্রিয় জুটি নাকি গোপনেই সেরে ফেলেছেন তাঁদের বাগদান পর্ব!

Truth of Bengal: দীর্ঘদিন ধরে দক্ষিণী সিনেমার অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানার প্রেম নিয়ে চলছিল তুমুল জল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটল। শনিবার সকাল সকাল এল বিয়ের সুখবর, যা শুনে আনন্দে ভাসছেন তাঁদের অসংখ্য অনুরাগী। জানা গেছে, দক্ষিণের এই জনপ্রিয় জুটি নাকি গোপনেই সেরে ফেলেছেন তাঁদের বাগদান পর্ব! শুক্রবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বিজয় ও রশ্মিকার এনগেজমেন্টের খবর দ্রুত ছড়িয়ে পড়লেও, শনিবার সকালে বিজয়ের টিম আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস-কে খবরটি নিশ্চিত করেছে। যদিও এখনও পর্যন্ত এই জুটি নিজেরা কোনো ছবি বা আনুষ্ঠানিক ঘোষণা করেননি। কিন্তু বিজয়ের টিম সূত্রে খবর, তাঁরা এখন এনগেজড এবং ভক্তদের অপেক্ষার পালা শেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন (Vijay-Rashmika)।

বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানার প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল ২০১৮ সালে, তাঁদের প্রথম সুপারহিট ছবি গীতা গোবিন্দম’-এর পর থেকেই। এরপর ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়ন আরও গভীর হয় এবং অনুরাগীরা বুঝতে পারে, তাঁদের ব্যক্তিগত সম্পর্কেও বিশেষ কিছু চলছে। এরপর থেকেই বিভিন্ন সময়ে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এমনকী, করোনা অতিমারীর সময় রশ্মিকার সোশ্যাল মিডিয়া পোস্টে বিজয়ের বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখা যাওয়ায় অনেকেই অনুমান করেছিলেন যে তাঁরা লিভ-ইন সম্পর্কে রয়েছেন (Vijay-Rashmika)।

২০২৪ সালে এই জুটি জনসমক্ষে স্পষ্ট জানান যে তাঁরা মোটেও “সিঙ্গেল নন”, কিন্তু কে তাঁদের সঙ্গী, সেই বিষয়ে ছিলেন একেবারে নীরব। গত আগস্টে নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেড-এ তাঁদের একসঙ্গে দেখা যায় এবং সম্প্রতি বিমানবন্দরেও তাঁদের একই গাড়িতে দেখা গিয়েছিল। অবশেষে সমস্ত লুকোছাপা শেষ! তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নীরবতা থাকলেও, তাঁদের টিমের এই এনগেজমেন্টের খবর ভক্তদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা—কবে এই জনপ্রিয় জুটির চার হাত এক হয়, সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে মরিয়া অনুরাগীরা (Vijay-Rashmika)।

Related Articles