বিনোদন

Lopamudra Mitra: ‘আমার ভাই না থাকলেও…’ ভাইফোঁটার দিনে আবেগঘন পোস্টে মন জিতলেন গায়িকা লোপামুদ্রা

শত কাজের ব্যস্ততার মধ্যেও এই একটি দিনে কাছের মানুষগুলোর সান্নিধ্যে থাকার আনন্দ সবকিছুর ঊর্ধ্বে।

Truth of Bengal: টেলিভিশনের পর্দায় বা সিনেমায় দেখা মানুষগুলোও তো আমাদেরই মতো। উৎসবের দিনে তাঁদেরও হয় মনখারাপ, কিংবা তাঁরা খুঁজে নেন নতুন সম্পর্কের বাঁধন। ঠিক যেমন ভাইফোঁটার এই বিশেষ দিনে গায়িকা লোপামুদ্রা মিত্রের (Lopamudra Mitra) পোস্ট যেন সেই চিরন্তন ভালোবাসার বার্তাই নিয়ে এল। বছরভর এই দিনটির জন্য ভাই-বোনেরা অপেক্ষা করেন। শত কাজের ব্যস্ততার মধ্যেও এই একটি দিনে কাছের মানুষগুলোর সান্নিধ্যে থাকার আনন্দ সবকিছুর ঊর্ধ্বে। কিন্তু যাদের আপন ভাই বা দাদা নেই, কিংবা যারা দূরে থাকেন, তাঁদের জন্য এই দিনটি এক ভিন্ন অনুভূতির জন্ম দেয়। প্রখ্যাত শিল্পী লোপামুদ্রা মিত্রের সাম্প্রতিক পোস্টে ঠিক তারই একটি সুন্দর ইঙ্গিত পাওয়া গেল।

ভাইফোঁটার সকালে একটি মিষ্টি ছবি পোস্ট করে গায়িকা লিখেছেন, “আমার নিজের ভাই না থাকলেও সারা পৃথিবীজুড়ে ‘গানতুতো’ দাদা, ভাই আমার অনেক। দিদি ডাক শুনতেও আমার ভালো লাগে তাদের মুখে। এত বছর গান গাওয়ার মাধ্যমে অদ্ভুত এক সম্পর্ক তৈরি হয়েছে তাদের সঙ্গে, যেখানে কোনো স্বার্থ নেই। আছে শুধু শ্রদ্ধা আর ভালোবাসা। আজ ভ্রাতৃদ্বিতীয়ার এই দিনে আমি আমার প্রত্যেক ভাই ও দাদার জন্য শুভ কামনা জানালাম।” জানা গেছে, লোপামুদ্রা মিত্ররা দুই বোন। তাঁর দিদি আছেন। কিন্তু ছোটবেলা থেকে তিনি নাকি কখনওই টের পাননি যে তাঁদের ভাই বা দাদা নেই। স্মৃতি হাতড়ে গায়িকা বলেন, “পিসতুতো, মাসতুতো দাদাদের নিয়মিত ভাইফোঁটা দিয়েছি বরাবর। এমনকি যাঁর গান শুনে আমি বড় হয়েছি, সেই সমীর চট্টোপাধ্যায়ের ছেলেকেও ফোঁটা দিতাম। এখন সবাই কমবেশি যে যার মতো ছিটকে গিয়েছে। তাই বড় করে এখন আর সেভাবে কোনো উদযাপন হয় না।”

তবে এখন ভাই না থাকা বা দূরে থাকা মানুষগুলোর জন্য ‘বোনফোঁটা’র চল হয়েছে। এই আনন্দ থেকে কেনই বা তাঁরা ব্রাত্য থাকবেন? আগামী বছর থেকে লোপামুদ্রা মিত্রও কি এমন কোনো পরিকল্পনা করবেন? এই প্রশ্নে তাঁর মুখে একগাল হাসি দেখা যায়। তিনি বলেন, “বিষয়টা মন্দ নয়। তবে সত্যি বলতে, আমাদের বাড়িতে কোনোদিনই খুব বেশি আচার-অনুষ্ঠান পালনের চল নেই। আমাদের মধ্যে বন্ডিং বা সম্পর্কটাই আসলে খুব মজবুত। কোনো কিছু খুব দেখানোর ব্যাপারটা আমাদের মধ্যে নেই।” তবে এই বিশেষ দিনে তাঁর মন খারাপের কথাও লুকিয়ে রাখেননি লোপামুদ্রা। তিনি জানান, “ফেলে আসা দিনগুলো খুব মিস করি। বিশেষ করে আমার স্বামী জয় যখন ভাইফোঁটা নিতে যান, তখন ভীষণ একা লাগে। মনে হয় আমারও যদি এই দিনটা একটু অন্যরকম হতো!” লোপামুদ্রার এই কথাগুলোই যেন ভাইফোঁটার দিনে বহু মানুষের মনের অব্যক্ত অনুভূতির প্রতিচ্ছবি।

Related Articles