Balurghat: বালুরঘাটে মধুচক্রের পর্দাফাঁস! বেসরকারি লজে হানা দিয়ে যুগলকে ধরল ক্ষিপ্ত জনতা
বৃহস্পতিবার দুপুরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা লজটিতে হানা দিয়ে এক যুগলকে হাতেনাতে ধরে ফেলেন।
বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে একে গোপালন কলোনি এলাকায় একটি বেসরকারি লজে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা লজটিতে হানা দিয়ে এক যুগলকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর লজে ভাঙচুর চালানো হয় এবং পুলিশের হাতে ম্যানেজারসহ একজনকে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘ফ্রেন্ডস রেসিডেন্সি’ নামের এই লজে বহুদিন ধরে কিছু পুরুষ ও মহিলার সন্দেহজনক আনাগোনা ছিল। বৃহস্পতিবার ফের এক যুগলকে লজের ভেতরে ঢুকতে দেখে এলাকাবাসীর সন্দেহ দৃঢ় হয় এবং কিছু বাসিন্দা সেখানে হানা দেন। এরপরই তারা এক যুগলকে আটক করে ফেলেন। পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে ক্ষিপ্ত জনতা লজটিতে ভাঙচুর চালিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেয়। সঙ্গে সঙ্গে বালুরঘাট থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লজের ম্যানেজারসহ আটক পুরুষটিকে থানায় নিয়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ আটক যুবতীকে ছেড়ে দিয়েছে।
এলাকার বাসিন্দা সুভাষ বর্মন জানান, “আমার বাড়ির একদম পাশেই এই লজটি। বহুদিন ধরে লক্ষ্য করছি এখানে অসামাজিক কাজ চলছে। বারবার বলেও কোনো লাভ হয়নি। মাঝেমধ্যেই দেখি রাত দশটার দিকে কিছু পুরুষ-মহিলা ঢোকে এবং ভোর চারটের দিকে বেরিয়ে যায়। আজ হাতে-নাতে ধরা পড়েছে।”






