টাকার চেয়ে সম্মান বড়, ৪০ কোটির তামাক বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিলেন সুনীল শেট্টি
যদিও দীর্ঘদিন ধরে তিনি বক্স অফিসের নিয়মিত মুখ নন, তবুও শেট্টি দাবি করেন, তরুণ প্রজন্ম এখনও তাঁকে শ্রদ্ধা করে।
Truth Of Bengal: সম্প্রতি পানমশলার বিজ্ঞাপন সংক্রান্ত বিতর্কে সলমন খান, অক্ষয় কুমার ও অজন দেবগনসহ অনেক তারকাকে জড়াতে হয়েছে। কিন্তু ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টি এমন কোনও বিজ্ঞাপনের প্রস্তাবই গ্রহণ করেননি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাকে ৪০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল তামাকের বিজ্ঞাপনের জন্য। তবুও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
শেট্টি বলেন, “আমি ওদের দিকে তাকিয়ে বলেছিলাম, ‘আপনারা কি মনে করেন আমি টাকার ফাঁদে পা দেব? আমি দেব না। এমন কিছু করব না যাতে আমার সন্তান আহান ও আথেয়াকে কেউ কলঙ্কিত করতে পারে।’ এখন তো কেউ আমার কাছে এসে এমন কোনও অফার দেয়ার সাহসই পায় না।”
যদিও দীর্ঘদিন ধরে তিনি বক্স অফিসের নিয়মিত মুখ নন, তবুও শেট্টি দাবি করেন, তরুণ প্রজন্ম এখনও তাঁকে শ্রদ্ধা করে। তিনি বলেন, “সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আমি হয়তো প্রাসঙ্গিক নই। তবুও ১৭-১৮ বছর বয়সিরা আমাকে আদর্শ মানে। আমি এত ভালোবাসা ও সম্মান পাই, যা অবিশ্বাস্য। কয়েক কোটি টাকার জন্য আমি কি সেটাকে বিসর্জন দেব? না, আমি দেব না।”
শুনীল শেট্টি অতিমারী-পরবর্তী সময়ে জীবনের পরিবর্তন নিয়েও কথা বলেছেন। তিনি জানান, “অতিমারীর পর আমি নিজেকে ভিন্নভাবে দেখতে শুরু করি। নিয়মিত প্রশিক্ষণ, পড়াশোনা এবং আরও অনেক কিছুতে মনোযোগ দিতে শুরু করি।” ব্যক্তিগত উন্নতি এবং স্বকীয়তার উপর মনোযোগ দেওয়াই তাঁর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার মূল কারণ, বলছেন সুপারস্টার।



