‘হার্দিককের উচিত রোহিতকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া’, পরামর্শ মনোজ তিওয়ারির
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি সরাসরি প্রশ্ন তুলেছেন হার্দিকের নেতৃত্ব নিয়ে।
Truth Of Bengal: আইপিএলের নতুন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা একেবারেই ভাল হয়নি। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট তালিকার নিচের দিকেই ঘুরপাক খাচ্ছে দল। ঘরের মাঠে সাম্প্রতিক ম্যাচে পাঞ্জাবের কাছে হারের পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। এই অবস্থায় দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়েই শুরু হয়েছে জোর সমালোচনা।
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি সরাসরি প্রশ্ন তুলেছেন হার্দিকের নেতৃত্ব নিয়ে। তাঁর মতে, শুধু এ বছরের ফল খারাপ বলেই সব সমস্যা তৈরি হয়নি, এর শিকড় অনেক গভীরে। দীর্ঘদিন ধরে রোহিত শর্মার নেতৃত্বে দল একাধিকবার খেতাব জিতেছে, সেই সাফল্যের ধারাও এখন আর দেখা যাচ্ছে না।
তিওয়ারির বক্তব্য, গত কয়েক মরশুম ধরেই দল ট্রফি জিততে পারছে না, আর চলতি মরশুমেও একই ছবি দেখা যাচ্ছে। তাঁর মতে, অধিনায়ক হিসাবে হার্দিক প্রত্যাশা পূরণ করতে পারছেন না। তাই সমাধান হিসো তিনি মনে করছেন, নেতৃত্বের দায়িত্ব আবার রোহিত শর্মার হাতেই ফিরিয়ে দেওয়া উচিত।
শুধু নেতৃত্ব নয়, ম্যাচ চলাকালীন কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নিজের আগে অন্য ব্যাটারকে সুযোগ না দিয়ে হার্দিকের উপরে উঠে আসা নিয়েও সমালোচনা হয়েছে। তিওয়ারির দাবি, অন্য ব্যাটার বেশি বল পেলে ম্যাচের চেহারা বদলাতে পারতেন।
বোলিং নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে শুরুতে কোন বোলারকে আনা হবে, সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁর মতে, দলের সেরা বোলারকে ঠিকভাবে ব্যবহার না করা এবং ফর্মে না থাকা বোলারকে গুরুত্ব দেওয়াই সমস্যাকে বাড়িয়ে দিয়েছে।
সব মিলিয়ে, মুম্বই দলে এখন চাপ বাড়ছে। দলের পারফরম্যান্স যেমন চিন্তার কারণ, তেমনই অধিনায়কত্ব নিয়েও তৈরি হয়েছে বড় আলোচনা। আগামী ম্যাচগুলিতে এই পরিস্থিতি কতটা বদলায়, সেটাই এখন দেখার।






