বিনোদন

ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল, গুজব ছড়ানোর বিরুদ্ধে পরিবারের কড়া বার্তা

এই পরিস্থিতিতে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন তার পুত্র সানি দেওলের টিম।

Truth Of Bengal: বর্তমানে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা ধর্মেন্দ্র। নানা গুঞ্জনের মাঝেই ভক্তরা অধীর আগ্রহে জানতে চাইছেন অভিনেতার শারীরিক অবস্থার খবর। সকলেই তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।

এই পরিস্থিতিতে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন তার পুত্র সানি দেওলের টিম। একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে।

ধর্মেন্দ্রকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার পর থেকেই পরিবারের সকল সদস্য—সানি দেওল, ববি দেওল, হেমা মালিনী এবং এষা দেওল—হাসপাতালে উপস্থিত রয়েছেন। সানি দেওলের টিমের তরফে জানানো হয়েছে, “স্যর সুস্থ হয়ে উঠছেন এবং চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। সকলকে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করার অনুরোধ রইল।”

মঙ্গলবার সকাল থেকেই ভুয়ো খবর ছড়ানোর ঘটনা ঘটেছে। এষা দেওল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আমার বাবার অবস্থা স্থিতিশীল এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। সকলকে অনুরোধ করছি আমাদের পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শন করতে। বাবার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।”

হেমা মালিনিও তার এক্স-এ লিখেছেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য। কীভাবে সত্যিটা না জেনে এমন ভুয়ো সংবাদ ছড়ানো হতে পারে তা আমার ধারণার বাইরে। অভিনেতা চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বহীনতার পরিচয়। দয়া করে পরিবারের গোপনীয়তার প্রতি সম্মান জানান।”

Related Articles