Ranbir-Alia: ২৫০ কোটি টাকার নতুন বাড়িতে ঢুকছেন রণবীর-আলিয়া, তারকা-বাসস্থানে নয়া নজির
সূত্রের খবর অনুযায়ী, এই বছর দীপাবলির শুভ দিনেই তাঁরা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকার বিলাসবহুল নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছেন।
Truth of Bengal: অবশেষে শেষ হল প্রতীক্ষা। দুই বছরের নির্মাণ কাজের পর নতুন জীবনে প্রবেশ করতে প্রস্তুত বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সূত্রের খবর অনুযায়ী, এই বছর দীপাবলির শুভ দিনেই তাঁরা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিল এলাকার বিলাসবহুল নতুন বাড়িতে গৃহপ্রবেশ করতে চলেছেন। এই বিশেষ উপলক্ষ্যে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে কেবল পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত থাকবেন। তারকা দম্পতি এই গৃহপ্রবেশের অনুষ্ঠানের গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন (Ranbir-Alia)।
রণবীর ও আলিয়ার এই ছয় তলা প্রাসাদ প্রমাণ বাড়িটি ইতিমধ্যেই ভারতীয় তারকাদের বাসস্থানের নিরিখে নতুন নজির গড়ে ফেলেছে। জানা যাচ্ছে, এটিই এখন দেশের সবচেয়ে দামি তারকা-বাসস্থান। দামের নিরিখে এই বাড়ি কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের ‘মন্নত’ এবং অমিতাভ বচ্চনের ‘জলসা’-কেও ছাপিয়ে গিয়েছে। বর্তমানে বাড়িটির আনুমানিক মূল্য ২৫০ কোটি টাকা বলে খবর (Ranbir-Alia)।
এই বিলাসবহুল বাসস্থানটি আসলে কপূর পরিবারের ঐতিহ্যবাহী সম্পত্তি। এটি মূলত রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি ছিল, যা পরবর্তীতে আশির দশকে তাঁরা ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দেন। বর্তমানে সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে রণবীর ও আলিয়ার হাতে এসেছে। পুরনো এই বাড়িটির অনেকটা অংশ পুনর্নির্মাণ করা হয়েছে, পাশাপাশি কিছুটা সংস্কারের কাজও চলেছে বিগত কয়েক বছর ধরে। আলিয়া ও রণবীর প্রায়শই নির্মাণস্থলে গিয়ে কাজের তদারকি করতেন। সবুজে ঘেরা এই নতুন বাসস্থান থেকে আরব সাগরের মনোরম দৃশ্য দেখা যাবে (Ranbir-Alia)।






