তিনমাস বন্ধ সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান, অবশেষে পর্যটকদের জন্য খুলল দরজা
The protected forest areas and national parks, closed for three months, finally opened their doors to tourists

Truth Of Bengal : জলপাইগুড়ি : সুব্রত রায় : সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যানগুলো গত তিনমাস পর্যটকদের জন্য বন্ধ ছিল। আর প্রতিবছরের তিনমাস বন্ধ থাকার পর আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে সংরক্ষিত বনাঞ্চলগুলি। জঙ্গল খুলতেই ফের পর্যটকেরা ডুয়ার্সের জঙ্গলে করতে পারবে কার সাফারি ও হাতি সাফারি। আর ডুয়ার্সের পাহাড়, নদী, জঙ্গল ঘুরতে প্রতিবছর দেশ-বিদেশের বহু পর্যটক আসেন। আর বন্যপ্রাণী দেখার জন্য গরুমারার বিভিন্ন নজর মিনারে জিপসি গাড়িতে করে সাফারিও করেন পর্যটকরা।
এদিকে জঙ্গল তিন মাস বন্ধ থাকায় সাফারির জিপসি গাড়িগুলো গ্যারেজে এবং বাড়িতে পড়েছিল। তবে ইতিমধ্যে সেই জিপসি গাড়ি গুলো সারাই করা হয়েছে। আর ১৬ই সেপ্টেম্বর জঙ্গল খুলবে এবং সাফারি শুরু হবে। তার আগে শনিবার মূর্তি বিট অফিসে মূর্তি ও চালসা এলাকার জিপসি গাড়িগুলোকে পরীক্ষা করা হয়। গাড়ির প্রয়োজনীয় লাইট সহ সিট ও অন্যান্য জিনিস ঠিকঠাক আছে কিনা সবকিছু খতিয়ে দেখা হয় বনদপ্তরের পক্ষ থেকে। গরুমারার এডিএও রাজিব দে এদিন নিজেই এই গাড়িগুলির যাবতীয় দিক খতিয়ে দেখেন।
এডিএফও রাজীব দে বলেন, “আগামী ১৬ই সেপ্টেম্বর থেকে জঙ্গল খুলছে এবং জিপসি গাড়িতে পর্যটকরা গরুমারার বিভিন্ন নজর মিনারে সাফারি করতে পারবে। তাই তার আগে এদিন ওই সমস্ত জিপসি গাড়ির প্রয়োজনীয় লাইট সহ অন্যান্য জিনিসপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখা হয়।”
উল্লেখ্য বন্যপ্রাণীদের প্রজননকালীন সময় ধরা হয় জুন মাসের ১৬ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত। যে কারণে এই তিন মাস পর্যটকদের জন্য জঙ্গল বন্ধ রাখা হয়।






