দিঘায় বিলাস ভ্রমণের আকর্ষণ বাড়াতে বিলাসতরীর পাশাপাশি চালু ডবল ডেকার বাস পরিষেবা
Double decker bus services are running along with luxury to increase the attraction of luxury travel in Digha

The Truth Of Bengal: আবারও নয়া পালক জুড়তে চলেছে দিঘার মুকুটে। আরও দ্বিগুণ হতে চলেছে দিঘায় আসা পর্যটকদের ঘুরে বেড়ানোর মজা। দিঘায় বিলাস ভ্রমণের আকর্ষণ আরও বাড়াতে চালু হতে চলেছে ডবল ডেকার বাস পরিষেবা। দিঘা বাঙালি পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। দিঘায় আসা পর্যটকেরা এবার বিলাস ভ্রমণের বিশেষ পরিষেবার সুবিধা উপভোগ করতে পারবেন। ডবল ডেকার বাস পরিষেবার মহড়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিষেবা চালু করা হবে বিলাসতরীর যাত্রীদের নিয়ে আসা-যাওয়ার জন্য। এই বিলাস ভ্রমণ পরিষেবা বিশেষ কিছু কারণের জন্য এখনও পর্যন্ত চালু হয়নি। পর্যটকেরা শঙ্করপুর মৎস্য বন্দরের একবারে কাছে নায়েকালী মন্দির চত্বরে জেটি থেকে বিলাসতরীতে চেপে সমুদ্রের রূপ দর্শন করতে পারবেন। সাজসজ্জার কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পরিষেবা চালুর অপেক্ষা মাত্র। আর তার আগেই দিঘার রাস্তায় এই বিলাসতরীর বাস পরিষেবার মহড়া শুরু হল।
সম্পূর্ণ বাতানুকূল বিলাস তরীটির নাম এমভি নিবেদিতা। খুব দ্রুত চালু হতে চলেছে পর্যটক বিনোদনের এই বিশেষ পরিষেবা। তার আগেই দিঘার রাস্তায় ডবল ডেকার বাসের মহড়া শুরু হয়েছে। পথচলতি মানুষের নজর কাড়ছে আধুনকি সাউন্ড সিস্টেম সংযুক্ত বিলাসবহুল ডবল ডেকার বাসের বর্ণিল সাজ। দিঘাতে সাজিয়ে গুছিয়ে তোলার পাশাপাশি একাধিক নিত্য নতুন পরিষেবা শুরু করেছে বর্তমান রাজ্য সরকার। বিলাস তরী পরিষেবা চালু হওয়ার আগেই দিঘার রাস্তায় দেখা যাবে এই ডবল ডেকার বাস। তবে এখনও পর্যন্ত এই পরিষেবার ভাড়া নির্ধারিত হয়নি। ইতিমধ্যেই পর্যটকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডবল ডেকার বাস পরিষেবা কৌতূহল জন্মেছে।






