রাজনীতি
Trending

নির্বাচনে উত্তম বারিকের হারের জন্য কাকে দায়ী করলেন সুপ্রকাশ ? ফেসবুক পোস্ট ঘিরে বাড়ছে জল্পনা

Who did Suprakash blame for the loss of Uttam Barik in the election? Speculation is growing around the Facebook post

The Truth Of Bengal: সদ্য সমাপ্তি ঘটেছে ২৪-র লোকসভা নির্বাচনের। বাংলার দিকে নজর দিলে দেখা যায় ২৯টি আসনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ১৯-র থেকে থেকে অনেকটাই ভাল ফল বলে মত রাজনৈতিক মহলের একাংশের। তবুও, বাংলায় সবুজ ঝড় বইলেও, এমন কিছু আসনে হার হয়েছে তৃণমূলের, যা তার স্বপ্নেও কল্পনা করতে পারেনি। সেই জয় না পাওয়া লোকসভা কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল কাঁথি লোকসভা কেন্দ্র। ২৪-র লোকসভা নির্বাচনের অন্যতম নজরকাড়া কেন্দ্র ছিল এটি। সকলের নজরে ছিল উত্তম বারিক বনাম সৌমেন্দু অধিকারীর লড়াই। যদিও, নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে জয় পেয়েছে বিজেপি। আর, কাঁথিতে তৃণমূল কংগ্রেস প্রার্থীর হারের পিছনে দায়ী কে ? এই নিয়ে উঠছিল প্রশ্ন।

যদিও, রাজনৈতিক মহলের একাংশ, এই পরাজয়ের জন্য দায়ী করেছেন রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরিকেই। আর এই বিষয় সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন অখিল পুত্র তথা কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি। ফেসবুকে করা একটি পোস্টে তিনি জানিয়েছেন, ষড়যন্ত্র করে তৃণমূলকে নির্বাচনে হারানো হয়েছে। আর এই ষড়যন্ত্রের পিছনে তিনি দায়ী করেছেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই। ফেসবুক পোস্টে সুপ্রকাশের অভিযোগ- ” রেজাল্ট বেরোনোর আগেই রেজাল্ট আউট …. আমাদের নির্বাচন হয়েছে মে মাসের ২৫ তারিখ আর তার আগে তিনি রেজাল্ট বলে দিলেন। আগেও বলেছিলাম এখনো বলছি এটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র করে আমাদের জেলা কে হারানো হয়েছে। ” প্রসঙ্গত, নির্বাচনে জয়ী এবং পরাজিত প্রার্থীদের নিয়ে গত কয়েকদিন আগেই বিশেষ বৈঠক হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে নির্বাচনের একাধিক বিষয় নিয়ে পর্যালোচনাও হয়। পাশাপাশি, সূত্রের খবর অনুযায়ী, ভোট চলাকালীন নিরলস পরিশ্রমের জন্য প্রশংসা জানানো হয় উত্তম বারিককেও। তবে, অখিল গিরি এবং তার পুত্র সুপ্রকাশ গিরি-র বিরুদ্ধে দল কড়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছিল দলের অন্দরেই। সেই কারণে ড্যামেজ কন্ট্রোল করতেই কী সুপ্রকাশের এই পোস্ট, বাড়ছিল জল্পনা।

যদিও, উত্তম বারিক জানিয়েছেন, তিনি দলের সিদ্ধান্তের উপর আস্থা রেখেই চলবেন। অপরদিকে, সুপ্রকাশের এই পোস্ট সামনে আসতে বিজেপি একহাত নিয়েছে সুপ্রকাশ গিরিকে। দক্ষিণ কাঁথির বিজেপি বিধায়ক অরূপ কুমার দাস জানিয়েছেন, মেদিনীপুরের মানুষ বিজেপির উপরেই যে আস্থা রেখেছিল, তা সুপ্রকাশ গিরি-র পোস্টই প্রমাণ করা দিয়েছে। সব মিলিয়ে, সুপ্রকাশের পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে জল্পনা।

Related Articles