Lok Sabha Election 2024: হাড্ডাহাড্ডি লোকসভার লড়াইয়ে বোলপুর কার দখলে
Lok Sabha Election 2024: BJP vs Trinamool

The Truth of Bengal: বোলপুর কার ছত্রছায়ায় থাকবে? কার গ্যারান্টিতে আস্থা রাখবে, মোদি না মমতা? বিজেপি বনাম তৃণমূলের প্রচারের ঝাঁঝ বাড়তেই ঘুরপাক খাচ্ছে এইসব প্রশ্ন। ৫বছরের রিপোর্টকার্ড হাতে নিয়ে জনতার মুখোমুখি তৃণমূল প্রার্থী অসিত মাল। তৃণমূল যখন ঐক্যবদ্ধ ভোটযুদ্ধের প্রস্তুতিতে তখন বিজেপির বিশৃঙ্খলা আরও বেআব্রু। প্রিয়া সাহাকে মানতেই চাইছেন না অনুপম অনুরাগীরা। তাই দুই শিবিরের যুদ্ধংদেহী মনোভাবে বোলপুর এখন ভোটে তপ্ত। বোলপুরে হেভিওয়েটরা একসময় আলোকিত করেছেন। সাংসদ হয়েছেন, একে চান্দা,সরদীশ রায়,সোমনাথ চট্টোপাধ্যায়দের মতো নামীদামী ব্যক্তিত্বরা। রবিঠাকুরের সেই বোলপুর কেন্দ্র কার দখলে থাকবে তাই নিয়ে এখন থেকেই সরগরম। অনুব্রত মণ্ডল জেলবন্দি থাকায় যৌথ লড়াইয়ের জন্য কোরকমিটি গড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মমতার গাইডলাইন মেনেই মানুষের দরবারে যেতে আগ্রহী তৃণমূল কংগ্রেস অসিত মাল।অসিতকে টক্কর দিতে বিজেপি এবার মুখ বদল করেছে। রাম প্রসাদ দাসের হারের কথা মাথায় রেখে প্রিয়া সাহাকে প্রার্থী করেছে গেরুয়া ব্রিগেড। তাতেও হোঁচট খেতে হচ্ছে বিজেপিকে। বিদ্রোহের ঘনঘটায় ঘোর সঙ্কটে বিজেপি।অনুপম অনুগামীরা প্রিয়া সাহাকে বহিরাগত বলে বাউন্সার দিয়ে রেখেছে।এই গেরুয়ার অসন্তোষ কোনপথে মোকাবিলা করবে বিজেপি? বিরোধীদের ইস্যু কি হবে? তৃণমূল সাংসদের দাবি,বিজেপি, মুখে সবকা সাথ সবকা বিকাশ বললেও আসলে তৃণমূল কংগ্রেসই সবার উন্নয়ন করে। ৫বছরে সাংসদকোটার সব টাকাই খরচ করে বোলপুরকে উন্নয়নে ভরিয়ে তুলেছেন।
একনজরে বোলপুর লোকসভা কেন্দ্র
- বোলপুর লোকসভায় রয়েছে ৭বিধানসভা
- কেতুগ্রাম, মঙ্গলকোট,আউশগ্রাম, বোলপুর
- নানুর, লাভপুর ,ময়ূরেশ্বর
- মোট ভোটার ১৮ লক্ষ ৬৪ হাজার ১৩৭ জন
- পুরুষ ভোটার- ৯ লক্ষ ৪৫ হাজার ৫৪০জন
- মহিলা ভোটার- ৯ লক্ষ ১৮ হাজার ৫৪৯জন
২০২১এর বিধানসভা ভোটে, ৭টিতেই ফোটে ঘাসফুল।৩বছরের মাথায় এই বিশাল এলাকায় কি পদ্ম ফুল ফুটবে ?কী স্ট্রাটেজি নিয়ে এই বোলপুরে বিজেপি লক্ষ্যভেদের আশা করছে। তৃণমূলের পাল্টা, বিজেপির নেতারাই ভোটপাখি,ভোটের আগে আছি আর ভোট মিটলে পালিয়ে বাঁচি। বীরভূমে অনুব্রত মণ্ডল না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা কর্মীরাই আগামীর বৈতরণী পার করে নিয়ে যাবে। পঞ্চায়েতে বিজেপির প্রতিহিংসার রাজনীতিকে মানুষ প্রত্যাখান করেছে।
- ২০১৯সালে তৃণমূল প্রার্থী অসিত মাল পান ৬লক্ষ ৯৯হাজার ভোট
- বিজেপি প্রার্থী রাম প্রসাদ দাস পান ৫লক্ষ ৯২হাজার ৭৫৯ভোট
- তৃণমূল প্রার্থী গতবার জয়ী হন ১লক্ষ ৬হাজারের বেশি ভোটে
- সিপিআইএম রামচন্দ্র ডোম পেয়েছিলেন ৯১ হাজার ৯৬৪ ভোট
- কংগ্রেসের অভিজিত সাহা পেয়েছিলেন ৩০হাজার ১১২ভোট
তৃণমূল –বিজেপি দুইয়ের নীতির বিরুদ্ধেই বামেরা লড়বে ।তাঁদের কাছে দুর্নীতি বড় ইস্যু বলেও স্পষ্ট করছেন সিপিএম নেতৃত্ব। বামেদের অত্যাচার –অবিচার, বিজেপির কথা দিয়ে কথা না রাখার রাজনীতি এবার বোলপুরের মানুষ জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছে।জনতার দাঁড়িপাল্লায় তৃণমূলের জয়জয়কার নিশ্চিত বলেও মনে করছেন অসিত মাল। তৃণমূল কংগ্রেসের সংগঠনের সর্বস্তরের সদস্যরা ভোটের প্রচারে নেমে গেছেন। তাঁদের প্রচারে উন্নয়নই বড় ইস্যু। এখন বিরোধীরা নানা উপায়ে ভোট বাড়ানোর চেষ্টা করছে। শাসক-বিরোধী তরজার মাঝে হাওয়া কোন পক্ষে থাকবে সেটাই শেষকথা।






