
The Truth of Bengal: নদীয়ার কল্যাণীতে টিউশন থেকে ফেরার পথে লরির ধাক্কায় এক ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সগুনা গ্রাম পঞ্চায়েতের মদন ডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রীর নাম ঐশি খা। সে কল্যাণীর কাটাবেলের বাসিন্দা। জানা যায়, সে গয়েশপুর থেকে টিউশন পড়ে কাটাবেলার দিকে যাচ্ছিল। তখনই কল্যাণী দিক থেকে একটি লরি পেছনের দিক থেকে এসে ধাক্কা মারে। ধাক্কা লাগতে মেয়েটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ। লরিটিকে আটক করা গেলেও চালক পলাতক। পুলিশ পলাতক চালককে ধরতে অভিযান চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






