সুন্দরবনে শুরু হতে চলেছে পাখি উৎসব! কীভাবে যোগাযোগ করবেন পক্ষীপ্রেমিরা?
Bird Festival Is About to Start In Sundarbans

The Truth Of Bengal: সুন্দরবনে আবার মহাসমারোহে শুরু হতে চলেছে পাখি উত্সব।জানুয়ারিতেই নানা রংয়ের পাখির দেখা পাবেন পক্ষীপ্রেমীরা।বাঘের মতো পাখির সংখ্যা বেড়েছে কিনা তা চব্বিশে গুণে দেখা হবে।সুন্দরবন ব্রাঘ্য প্রকল্পের আওতায় এই পক্ষী গণনার কাজ চলবে।তাই রঙিন পাখিদের সঙ্গে সময় কাটাতে মুখিয়ে রয়েছেন পর্যটকরাও। কেমন চলছে পাখি উত্সবের প্রস্তুতি ?
কথায় বলে সুন্দরবনে ডাঙায় বাঘ আর জলে কুমীরের বাস।কিন্তু জানেন কী ,সুন্দরবনের সুন্দরী গাছেদের ডালে ডালে আড্ডা জমায় পাখিরাও।উত্তর পশ্চিমের রুক্ষ রাজ্যগুলিতে যে পাখি দেখা যায়, সেই সব পাখি উড়ে বেড়ায় সুন্দরবনেও৷ সময় বুঝে সুন্দরবনে গেলে পেরিগ্রিন ফাল্কনেট বা শাহিন বাজ দেখতে পাওয়া যায়৷ দেখা মেলে দৈত্য বক, সাইবেরিয়ান থ্রাশ এর মতো পাখিরও| এছাড়া সবুজের সংসারের বাসিন্দা, ধরবক, ছোটো কোচবক থেকে শুরু করে কাদাখোঁচা, বাজকা, টিয়ার ঝাঁক, বাজগৌরি, বাবুই, সাদা ঈগল, মদনটাক এর মতো বড় পাখিরও দেখা মিলবে৷ বড় পাখিদের ভিড়ে হারিয়ে যায়নি ছোট পাখিরাও। বনে ঢোকার আগেই, গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে-হাঁটতে চোখে পড়ে যাবে চশমাপাখি, ফটিকজল, মুনিয়া, হরিয়াল, দোয়েল ,মৌটুসি, টুনটুনি, দুর্গাটুনটুনির মতো দৃষ্টিনন্দন পাখির। এছাড়াও নানা প্রকারের জলের পাখিও দেখা যাবে৷ তবে তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে ভাঁটার জন্য৷ তখন এরা খাবারের খোঁজে চরে বেড়ায়৷আর এই পাখিদের এক ফ্রেমে দেখতে গেলে আপনাকে যেতে হবে সুন্দরবনের পাখি উত্সবে। চব্বিশের প্রথমেই ব্রাঘ্য প্রকল্পও বনদফতরের উদ্যোগে আয়োজন করা হচ্ছে সুন্দরবন পাখি উত্সবের।
সুন্দরবনের বিভিন্ন নদী-খাঁড়িতে ঘুরে সুন্দরবন এলাকার পাখিদের ছবি তুলেছেন, তথ্য সংগ্রহ করেছেন পাখিপ্রেমীরা। সব কিছু ঠিক থাকলে ১৭ জানুয়ারি তা শুরু হবে বলে জানিয়েছেন আধিকারিকেরা।প্রথম বার পাখি উৎসবের রিপোর্ট বিচার-বিশ্লেষণ করে বন দফতর জানিয়েছিল, ১৪৫ প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। পাঁচ হাজারের বেশি পাখির দর্শন পেয়েছিলেন উৎসবে যোগদানকারী পাখিপ্রেমীরা। এ বার উৎসব চার দিনের হবে বলেই জানিয়েছেন বনকর্তারা।
গত বছর যেখানে ৬টি দলে ৩৪ জন পাখিপ্রেমী উৎসবে যোগদান করতে পেরেছিলেন। এ বার ৮টি দলকে অনুমতি দেওয়া হবে বলে বন দফতর জানিয়েছে। ফলে আরও বেশি পক্ষীপ্রেমী সুযোগ পাবেন। বন দফতর সূত্রের খবর, সজনেখালিতে উৎসবের সূচনা হবে। অনলাইনে আবেদন করা যাবে যোগদানের জন্য। www.sundarbantigerreserve.org
www.wildbengal.com এই ওয়েবসাইট দু’টি বৃহস্পতিবার বিকেল থেকে খুলে দেওয়া হয়েছে আবেদনকারীদের জন্য। পয়লা জানুয়ারি পর্যন্ত আবেদন পাঠানো যাবে। মাথাপিছু খরচ প্রায় ১০ হাজার টাকা। ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে।
Free Access





