
The Truth of Bengal: চিকেন কিমা, মটন বিরিয়ানি তো অনেক খেলেন এবার একেবারে ঘরোয়া পদ্ধতিতে ট্রাই করে ফেলুন তেহারি। গোবিন্দভোগ চাল আর খাসির মাংসের মেলবন্ধনে আপনার জিভে জল আসতে বাধ্য। আজ আপনাদের জন্য রইল সেলিব্রিটি শেফ রঙ্গন নিয়োগীর স্পেশাল রেসিপি তেহারি।
উপকরণ
খাসির মাংস ২ কেজি
পেঁয়াজ বাটা- ৬ টি
রসুন বাটা- ১ চা চামচ
লঙ্কা বাটা- ১ টেবিল চামচ
হলুদ বাটা – ১ টেবিল চামচ
ধনেবাটা- ১ টেবিল চামচ
জিরেবাটা -১ টেবিল চামচ
আদা বাটা- ২ টেবিল চামচ
দারচিনি- ৩ টুকরো
এলাচ- ৪ টি
লবঙ্গ- ৪ টি
কাঁচালঙ্কা- ৮ টি
সরষের তেল- ১ ১/৪ কাপ
গোবিন্দভোগ চাল- ১ কেজি
প্রণালী
মাংস ছোট করে কেটে ধুয়ে নিতে হবে। সমস্ত বাটা মশলা ও নুন দিয়ে মাংস সিদ্ধ করতে হবে। মাংস নরম হলে ও জল শুকোলে নামাতে হবে। একটা বড় হাঁড়িতে তেল গরম করে দুটো কাটা পেঁয়াজ সামান্য ভেজে মাংস, নুন, তেজ পাতা ও গরম মশলা দিতে হবে। মাংস কষিয়ে ভুনা করতে হবে। মাংস হলে মশলা থেকে মাংস আলাদা করে তুলে রাখতে হবে। চাল ধুয়ে জল ঝরিয়ে মশলায় দিতে হবে। কয়েক মিনিট ভাজতে হবে। ৬-৭ কাপ গরম জল ও নুন দিতে হবে। ফুটে উঠলে নেড়ে মাংস দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রাখতে হবে। এবার কাঁচালঙ্কা দিতে হবে। ৫ মিনিট পরে উনুন থেকে নামিয়ে ২০-২৫ মিনিট পর ঢাকনা খুলবে। স্যালাডের সঙ্গে পরিবেশন করতে হবে। তেহারিতে ইচ্ছা হলে ফুলকপি, মটরশুটিও দেওয়া যায়।






