নিয়োগ মামলার তদন্তে ম্যারাথন হানা একাধিক জায়গায়,নজরে দেবরাজ চক্রবর্তী,বাপ্পাদিত্য দাশগুপ্ত
Marathon Raids In Multiple Places

The Truth Of Bengal: নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান সিবিআই-এর। বৃহস্পতিবার কলকাতা, রাজারহাট, মুর্শিদাবাদ ও কোচবিহারে হানা সিবিআই আধিকারিকদের। বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি ছাড়াও মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে হানা সিবিআই-এর।
বৃহস্পতিবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান সিবিআই-এর। নিয়োগ মামলার তদন্তে বিভিন্ন জায়গায় একযোগে অভিযান চালায় সিবিআই। কলকাতা, রাজারহাট, মুর্শিদাবাদ ও কোচবিহারে হানা দেন সিবিআই আধিকারিকরা। বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি ছাড়াও মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে যান। এই যেলার বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত ঝন্টু শেখের বড়ঞার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা।
সকাল ৯টা ১০ নাগাদ রাজারহাটে দেবরাজের বাড়িতে পৌঁছয় সিবিআইয়ের একটি দল। তখন দেবরাজ বাড়িতে ছিলেন না। যদিও কিছুক্ষণের মধ্যেই তিনি বাড়ি ফিরে আসেন। সিবিআই আধিকারিকরা তাঁকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যান। দীর্ঘক্ষণ ওই বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পরে দেবরাজের দমদম পার্কের বাড়িতেও যান সিবিআই আধিকারিকরা। দুপুর পৌনে ৩টে নাগাদ আধিকারিকরা বের হন দমদম পার্কের বাড়ি থেকে। সিবিআই আধিকারিকরা বেরিয়ে যাওয়ার পর দেবরাজ বলেন, ‘ওঁরা আমার কাছে কিছু নথি চেয়েছিলেন। সে সব দিয়েছি। তদন্তে পূর্ণ সহযোগিতা করব।’
অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে হানা দেয় সিবিআই। ৫ ঘণ্টা ১৫ মিনিট তল্লাশি চলে তাঁর পাটুলির বাড়িতে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। তিনি জানান, তল্লাশির পর বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে সিবিআই। তাঁর দুটি ব্যাঙ্কের নথি, একটি মোবাইল এবং বেশ কয়েকটি বায়োডাটা বাজেয়াপ্ত করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ‘ঘনিষ্ঠতা’ নিয়ে সিবিআই আধিকারিকরা প্রশ্ন করেন বলে জানিয়েছেন বাপ্পাদিত্য।
একই মামলার তদন্তে ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দেয় সিবিআই। তাঁর বাড়ি থেকে অনেক নগদ টাকা উদ্ধার হয়েছে। স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে মেশিন এনে সিবিআই আধিকারিকরা সেই টাকা গোনেন। বাড়িতে যে নগদ টাকা পাওয়া গিয়েছে সেই সম্পর্কে বিধায়কের দাবি, এটা জমি বিক্রির টাকা। এই জেলার আর একটি জায়গায় হানা দেয় সিবিআই। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত ঝন্টু শেখের বড়ঞার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, আর একটি দল গিয়েছে কোচবিহারেও।
Free Access






