
The Truth of Bengal,Mou Basu: রাজ্যজুড়ে এখন হালকা হালকা শীতের আমেজ। ধীরে ধীরে বাজারে আসছে শীতের তাজা সবজি। শীতের সময় বাজারে ঢেলে বিক্রি হয় স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা শাক। স্প্রিং অনিয়ন এক কথায় বলতে গেলে ভার্সেটাইল সবজি। এশিয়ান বিশেষ করে চিনা কুইজিনে বা রান্নায় খুবই জনপ্রিয় এই স্প্রিং অনিয়ন। যে কোনো সাদামাটা রান্নার স্বাদ এক ঝটকায় অনেকটা বাড়িয়ে তুলতে স্প্রিং অনিয়নের জুড়ি মেলা ভার। ঠান্ডা লাগার ধাত কমাতে, দৃষ্টিশক্তি বাড়িয়ে তুলতে খুবই সহায়ক এই স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল আর অ্যান্টিভাইরাল গুণ যে কোনো রকম ভাইরাল ও ফ্লু জ্বরের বিরুদ্ধে লড়তে সক্ষম। স্প্রিং অনিয়নে রয়েছে প্রচুর পরিমাণে ক্যারোটেনয়েড যা চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন এ থাকায় নিয়মিত স্প্রিং অনিয়ন খেলে দৃষ্টিশক্তি বাড়ে। স্প্রিং অনিয়নে সালফার বা গন্ধক থাকে যা ইনসুলিনের ক্ষরণের বাড়ায়, রক্তে শর্করার মাত্রা কমায়। কমে হৃদরোগে ও ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা।
মিশরীয়, গ্রিক, রোমান, চিনা, প্রত্যেকেই স্প্রিং অনিয়ন চাষ করত। খাবারে ব্যবহার করত বলে ইতিহাসে প্রমাণ মিলেছে। মনে করা হয়, সুদূর প্রাচ্যে প্রথম খোঁজ মেলে স্প্রিং অনিয়নের। শতাব্দীর পর শতাব্দী ধরে তা চিনা ও জাপানিদের প্রিয় খাদ্যে পরিণত হয়েছে। খ্রিষ্টপূর্বের ২ হাজার বছর আগেও চিনা ইতিহাসে উল্লেখ মেলে স্প্রিং অনিয়নের।
সবুজ সবুজ স্প্রিং অনিয়নের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি৬, থায়ামিন, ফোলেট, পটাশিয়াম, তামা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, লোহার মতো খনিজ পদার্থ মেলে। এতে আছে প্রচুর পরিমাণে সালফার বা গন্ধক যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।
স্প্রিং অনিয়নে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি। ফ্যাট ফ্রি স্প্রিং অনিয়নে আছে ক্যালসিয়াম। কাঁচাও খাওয়া যায় আবার রান্না করেও খাওয়া যায় স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়ন শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যকরও বটে। পুষ্টিকর স্প্রিং অনিয়নের সবুজ পাতা ও নীচের সাদা রঙের বাল্বের মতো অংশটি খাওয়া যায়।
১) হজমশক্তি বাড়াতে অবশ্যই খান স্প্রিং অনিয়ন। ফাইবার থাকে বলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, পেট ফাঁপা, পেট জ্বালা, কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা দূর করে স্প্রিং অনিয়ন। যাদের হজমের গোলমাল আছে তাদের নিয়মিত প্রতিদিন ২০-৩০ গ্রাম স্প্রিং অনিয়ন খাওয়া উচিত।
২) স্প্রিং অনিয়নের সবুজ পাতায় সালফার পদার্থ অ্যালাইল সালফার পাওয়া যায় যা কোলোন ক্যানসার প্রতিরোধ করার পারে। এছাড়াও স্প্রিং অনিয়নে থাকে ফ্ল্যাভোনয়েডস যা ক্যানসার প্রতিরোধ করতে পারে। জানথিন অক্সিডেস নামক এক উৎসেচক ফ্রি র্যাডিকেলস তৈরি করে ডিএনএ ও কোষের ক্ষতি করে। স্প্রিং অনিয়নে থাকা ফ্ল্যাভোনয়েডস ক্যানসার সৃষ্টিকারী এই উৎসেচকের নিঃসারণ আটকায়।
৩) স্প্রিং অনিয়নে প্রচুর পরিমাণে ভিটামিন এ ছাড়াও লুটেইন, জিয়াজ্যান্থিন নামক ক্যারোটেনয়েড পাওয়া যায় যা দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে।
৪) স্প্রিং অনিয়নে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট পাওয়া যায় যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন সি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ কমায়। তাই নিয়মিত স্প্রিং অনিয়ন খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। সালফার পদার্থ করোনারি হার্ট ডিজিজের আশঙ্কা কমায়।






