রাজ্যের খবর

খোলামুখ খনিতে কয়লা কাটতে গিয়ে বিপত্তি, নিখোঁজ অন্তত সাত

ECL Collapse

The Truth of Bengal: খোলামুখ খনিতে কয়লা কাটতে গিয়ে চাল ধসে আটকে পড়েছে কয়েকজন শ্রমিক। ঘটনাটি ঘটেছে, রানিগঞ্জের কুনুস্তরিয়া এলাকার নারায়ণকুড়ি ওসিপির খোলামুখ খনিতে। বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে এগারা গ্রাম পঞ্চায়েত এলাকায় খনিতে কয়লা তোলার কাজ শুরু করে বেসরকারি একটি সংস্থা। সেখানে কয়লা খনি কাটার পরেই  কিছু দুষ্কৃতী অবৈধভাবে কয়লা তুলতে নেমে পড়ে। সেখানেই ধস নেমে রাস্তা আটকে যায়। স্থানীয়দের অনুমান এই ধসের জেরে খনিতে আটকে রয়েছে কয়েকজন। এরপরেই এলাকায় হুলুস্থুল পড়ে যায়।

আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীর দাবি, ই সি এল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এ ধরনের ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, বেসরকারি সংস্থাকে কয়লা তোলার বরাত দেওয়া হয়েছে, তাদের চোখের সামনেই এমন চুরির ঘটনা কেমন ভাবে ঘটে?  ই.সিএল কর্তৃপক্ষকে বারবার বলা হয়েছিল, সমস্ত খোলা মুখ খনির চারপাশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য, কিন্তু সেই আবেদন তারা রাখেনি। পাশাপাশি নিরাপত্তারও কোনও ব্যবস্থা করা হয়নি।

প্রশাসনিক সূত্রের খবর, এই ঘটনায পর ইতিমধ্যেই এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে, আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজন আটকে রয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।