
The Truth of Bengal: এলাকার মানুষের দাবি ছিল আর্সেনিকমুক্ত পানীয় জল। মালদার কালিয়াচকে আর্সেনিকপ্রবণ এলাকাগুলিতে বাড়ি বাড়ি এবার পরিস্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল প্রশাসন। কয়েকশো কোটি টাকা ব্যয়ে আর্সেনিকমুক্ত জল প্রকল্পের শিলান্যাস করলেন রাজ্যের সেচ দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। গঙ্গার জল এই ট্রিটমেন্ট প্ল্যান্টে প্ররিস্রুত করে পাঠি দেওয়া হবে বাড়ি বাড়ি।
এবার আর্সেনিকমুক্ত পানীয় জল পাবে এলাকার মানুষ।কালিয়াচক ২ ব্লকের রথবাড়ি বাজার এলাকায় প্রায় ৮০৪ কোটি টাকা ব্যয়ে এই আর্সেনিক মুক্ত ট্রিটমেন্ট প্ল্যান্টের শিল্যানাস হয়েছে। শিলান্যাস কর্মসূচি অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, জেলাশাসক নিতিন সিংহানিয়া সহ প্রশাসনের পদস্থ কর্তারা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই কালিয়াচক ২ ব্লকে আপাতত আর্সেনিকমুক্ত একটি ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরির জন্য শিলান্যাস করা হয়েছে। প্রায় ৮০৪ কোটি টাকা ব্যয়ে এই ট্রিটমেন্ট প্লান্ট তৈরি হবে।
আগামীতে এই ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে কালিয়াচক ১,২,৩, ইংরেজবাজার এবং মানিকচক ব্লকের আর্সেনিক প্রবণ এলাকাগুলিতে প্ররিস্রুত পানীয় জল সরবরাহ করা হবে। মোট এক হাজার কোটি টাকার বাজেট ধরা হলেও আপাতত প্রথম পর্যায়ে এই ট্রিটমেন্ট প্লান্ট তৈরির ক্ষেত্রে ৮০৪ কোটি টাকা খরচ হবে। বাকি বরাদ্দ অর্থে অন্যান্য ব্লকের এই পরিস্তুত পানীয় জল পাঠানোর ক্ষেত্রে ব্যায় করা হবে। ট্রিটমেন্ট প্ল্যান্টটি গড়ে উঠলে জেলার পাঁচটি ব্লকের কয়েক লক্ষ মানুষ আর্সেনিকমুক্ত পরিস্রুত পানীয় জল পাবেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি এবার পূরণ হওয়ার পথে।






