বিনোদন

টাইম ম্যাগাজিনের ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় “পথের পাঁচালি”

Pather Panchali

The Truth of Bengal, Mou Basu: বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের মুকুটে ফের সেরার শিরোপা উঠল। অনন্য সম্মান পেল সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি “পথের পাঁচালি”। বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা পেয়েছে পথের পাঁচালি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালিই একমাত্র ভারতীয় সিনেমা যা ঠাঁই পেয়েছে টাইম ম্যাগাজিনের ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায়। ১৯২০ থেকে ২০১০ সালের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন সিনেমার থেকে বাছাই করে তালিকা প্রস্তুত করেন টাইম ম্যাগাজিনের চলচ্চিত্র সমালোচক (ফিল্ম ক্রিটিক) স্তেফানি জাচারেক।

টাইম ম্যাগাজিনের ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় আরো যে সব কালজয়ী ক্লাসিক সিনেমা জায়গা করে নিয়েছে সেগুলি হল-বাইসাইকেল থিভস ( Bicycle Thieves), ব্রেথলেস (Breathless), গন উইথ দ্য উইন্ড (Gone with the Wind), সেভেন সামুরাই (Seven Samurai), ট্যাক্সি ড্রাইভার (Taxi Driver), গডফাদার পার্ট ২ (Godfather-2)। এছাড়া স্টিফেন স্পিলবার্গের ব্লকবাস্টার হিট ছবি ইটি (ET the Extra Terrestrial) ছবিটিও জায়গা করে নিয়েছে ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায়। সাম্প্রতিক সময়ের সেরা সিনেমা যেমন টারান্টিনোর ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’-এর মতো সিনেমাও জায়গা পেয়েছে সেরা চলচ্চিত্রের বাছাই তালিকায়। কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালি অবলম্বনে ছবি তৈরি করেন সত্যজিৎ রায়।

সত্যজিৎ রায় নিজেই অনেক সাক্ষাৎকারে বলেছিলেন, Kaymer নামক বিখ্যাত বিজ্ঞাপনী প্রতিষ্ঠানে চাকরি করার সময় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের “পথের পাঁচালি” উপন্যাসের ছোটদের সংস্করণ “আম আঁটির ভেঁপু’র প্রচ্ছদ আঁকার দায়িত্ব পান তিনি। সেই বইটি পড়ার পরই সিনেমা তৈরির কথা ভাবেন সত্যজিৎ। অবশ্য বিমল রায়ের “দো বিঘা জমিন” ও আকিরা কুরোশোওয়ার “Rashoman”-র মতো সিনেমাই আসলে সত্যজিৎ রায়ের মনে রিয়েলিস্টিক সিনেমা তৈরির বীজ বপণ করেছিল। ১৯৫৫ সালের ২৬ আগস্ট বড় পর্দায় মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালি। এটিই অস্কারজয়ী পরিচালকের প্রথম ছবি। দেশবিদেশে দারুণ ভাবে সমাদৃত পথের পাঁচালি এতগুলো বছর ধরে একাধিক বার পুরস্কৃত হয়েছে। তৃতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অনুষ্ঠানে সেরা ফিচার ফিল্ম পুরস্কার জিতেছিল পথের পাঁচালি। ২০০৫ সালে টাইম ম্যাগাজিনের সর্বকালের সেরা ১০০ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছিল পথের পাঁচালি। Sight & Sound ম্যাগাজিনের সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় একমাত্র ভারতীয় সিনেমা হিসাবে জায়গা করে নিয়েছে পথের পাঁচালি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (এফআইপিআরইএসসিআই) সর্বকালের সেরা ভারতীয় সিনেমার স্বীকৃতি দিয়েছে পথের পাঁচালিকেই।

Related Articles