দেশ

চেন্নাইয়ে রাহুল-স্ট্যালিনের আলিঙ্গন, তবুও বদলায়নি অবস্থান! বিলের সমর্থনে অনড় ডিএমকে

“ন্যায্য আসন পুনর্বিন্যাসের পক্ষেই ডিএমকে!” বিরোধী নেতারা ফিরতেই সাফ জানাল দল, শরদ পাওয়ারকে দেখতে সোনিয়ারা!

Truth of Bengal: গত ছ’মাস ধরে চলা সম্পর্কের শীতলতা কাটাতে রবিবার চেন্নাইয়ে ছুটে গেলেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শীর্ষ নেতারা। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের অধিবেশনে কেন্দ্রের আসন পুনর্বিন্যাস বিল পাশ করানোর দৌড়ে শাসক শিবির যখন দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গিয়েছে, ঠিক তখনই ডিএমকে প্রধান এম কে স্ট্যালিনের মন গলানোর শেষ মুহূর্তের চেষ্টা চালান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতের পর রাহুল গান্ধী ও স্ট্যালিনের আলিঙ্গনের ছবি প্রকাশ্যে এলেও, বিরোধী নেতারা ফিরে যাওয়ার পর স্ট্যালিন স্পষ্ট করে দেন যে আসনবৃদ্ধির বিলে তাঁরা সমর্থনই করবেন। ডিএমকে-র আইটি সেলও জানায়, ন্যায্য আসন পুনর্বিন্যাসের পক্ষেই রয়েছে দল।

উল্লেখ্য, গত মে মাসে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকে-র পরাজয়ের পর থেকেই কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্কে ফাটল ধরে। ডিএমকে-কে ছেড়ে বিজয়ের দল টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেসের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে সম্পর্ক ছিন্ন করে ডিএমকে এবং ‘ইন্ডিয়া’ জোটের কর্মসূচি থেকেও দূরত্ব তৈরি করে। রবিবার সেই বরফ গলাতে রাহুলদের আলিঙ্গন ভবিষ্যতে বিরোধী জোটকে রাজনৈতিকভাবে সাহায্য করতে পারে বলে মনে করলেও, বিলের প্রশ্নে স্ট্যালিনের অবস্থান বদলানো যায়নি।

চেন্নাই পর্ব সেরে এরপর মুম্বইয়ে শরদ পাওয়ারকে দেখতে যাওয়ার কথা বিরোধী নেতৃত্বের। শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ এই নেতা, এবং তাঁর অসুস্থতার কারণ দেখিয়েই শনিবারের বৈঠক এড়িয়ে যান কন্যা সুপ্রিয়া সুলে। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, এনসিপি (শরদ)-এর সঙ্গে কেন্দ্রের রফা হয়ে গিয়েছে এবং আসন পুনর্বিন্যাস বিলে তারা সমর্থন জানাতে পারে, যার বিনিময়ে সুপ্রিয়া কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন। এমন প্রেক্ষাপটে বিরোধী নেতাদের মুম্বই যাত্রাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related Articles